১৫ মিনিটে ৪০০ প্রতিমা বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ১১ অক্টোবর বিসর্জন দেওয়া হবে প্রায় ৪০০ প্রতিমা। বিসর্জন উৎসবে সৈকতে আড়াই লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। সেদিন বিকেল সাড়ে তিনটা থেকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হবে। সন্ধ্যার আগেই সব প্রতিমা সাগরে বিসর্জন দেওয়া হবে। ৪০০ প্রতিমা একসঙ্গে সাগরে বিসর্জন দিতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।

গতকাল রোববার বেলা ১১টায় শহরের লালদীঘিপারের ব্রাহ্ম মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ। এ সময় আরও বক্তব্য দেন পরিষদের সহসভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পরিষদ নেতা দীপক শর্মা, চন্দন কান্তি দাশ, দীপক দাশ, বলরাম দাশ, বিপ্লব মল্লিক প্রমুখ।

সভাপতি রণজিৎ দাশ বলেন, গত বছর জেলার আটটি উপজেলায় ২৭৬টি মণ্ডপে পূজা হয়েছে। এবার ১০টি বেড়ে ২৮৬টিতে পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপ তৈরি করতে এক লাখ থেকে নয় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেছে ১৪৩ মেট্রিক টন চাল। তিনি বলেন, তাঁরা হিসাব করে দেখেছেন সরকারি বরাদ্দে প্রতিটা মণ্ডপ পাবে ৫০০ কেজি করে চাল। তিনি বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পূজার ছুটি তিন দিন করার দাবি জানান।

পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সৈকত বলেই আমরা ১৫ মিনিটের মধ্যে ৪০০ প্রতিমা বিসর্জন দিতে পারি। এবারও তাই হবে। বিকেল সাড়ে তিনটার আগে জেলার সব প্রতিমা সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে জড়ো করা হবে। এ পয়েন্টে স্থাপিত “সম্প্রীতির বিজয়া মঞ্চে” মন্ত্রপাঠের মধ্য দিয়ে একযোগে প্রতিমা সাগরে বিসর্জন দেওয়া হবে। জেলার আটটি উপজেলা ছাড়াও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলার প্রতিমাগুলো কক্সবাজার সৈকতে বিসর্জন দেওয়া হবে।’

মতবিনিময় সভায় জানানো হয়, এবার পূজামণ্ডপে রাত ১২টার মধ্যে মাইক বাজানো বন্ধ করা হবে। আজান ও নামাজের সময়ও পূজামণ্ডপের মাইক বন্ধ রাখা হবে। প্রতিমা বিসর্জনের দিন প্যান্ডেলের বাইরে রং ছিটানো নিষিদ্ধ করা হয়েছে।