১৫ মিনিটের পথ যেতে আধা ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিচঢালাই উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে সড়ক। সেই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফটিকছড়ির কাজীরহাট-গাড়িটানা সড়ক থেকে ছবিটি ১০ মে তোলা l প্রথম আলো
পিচঢালাই উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে সড়ক। সেই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফটিকছড়ির কাজীরহাট-গাড়িটানা সড়ক থেকে ছবিটি ১০ মে তোলা l প্রথম আলো

দীর্ঘদিন ধরে সংস্কার নেই সড়কের। ফলে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। আর ভোগান্তি বেড়েছে চলাচলকারীদের। এখন ১৫ মিনিটের পথ পেরুতে সময় লাগছে আধা ঘণ্টা। এ চিত্র ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাট বাজার থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কটির।
সড়কে চলাচলকারী ভুজপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ সাহেদ বলেন, সড়কের এমন বেহাল অবস্থায়ও কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন ফটিকছড়ি উপজেলার কাজীরহাট, হারুয়ালছড়ি, সিংহরিয়া, পূর্ব ভুজপুর, পশ্চিম ভুজপুর, কৈয়া পুকিয়া, পশ্চিম কৈয়া পুকিয়া, পাইন্দং, আজিমপুরসহ বিভিন্ন এলাকার অর্ধলক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভাঙা সড়কের অজুহাতে দ্বিগুণ ভাড়া আদায় করেন সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা।
সরেজমিনে দেখা যায়, কাজীরহাট বাজার এলাকা থেকে সড়কের শুরু। পুরো সড়ক খানাখন্দে ভরা। গর্তের কারণে গাড়ির গতি একেবারে কম। গাড়ি চলছে হেলেদুলে।
ভুপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আকতার বলে, পূর্ব ভুজপুর কৈয়াছড়া চা-বাগান এলাকার বাড়ি থেকে কলেজে আসার জন্য এ সড়কই একমাত্র মাধ্যম। সড়ক বেহাল হয়ে পড়ায় ভোগান্তির পাশাপাশি সিএনজি অটোরিকশার ভাড়া বেড়েছে। অনেক সময় বাড়তি ভাড়ায়ও চালকেরা যেতে চান না।
ভুজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লিখে লাভ নেই। ব্যাপারটা যাদের দেখা দরকার, তারা তো পদক্ষেপ নেয় না।’
সড়কের সিএনজি অটোরিকশাচালক মো. জয়নাল আবেদিন বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে তাতে দিনে দুই থেকে তিনবার আসা-যাওয়া করলে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। অনেকে এ সড়কে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ফটিকছড়ি উপজেলা কার্যালয় সূত্র জানায়, কাজীরহাট বাজার থেকে গাড়িটানা পর্যন্ত সড়কটির দীর্ঘদিন উন্নয়ন হয় না। বিশেষ করে দুই বছর ধরে সড়কটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, সড়কটি উন্নয়নে প্রকল্প পাস হয়েছে। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কারে দরপত্রও হয়ে গেছে। কার্যাদেশ পেলে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।