১৫ মিনিটের পথ যেতে দেড় ঘণ্টা!

ঈদুল ফিতর সামনে রেখে নরসিংদী শহরে কেনাকাটা করতে আসা লোকজনকে প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের ভেলানগর থেকে বড় বাজার এলাকায় যেতে সাধারণত সময় লাগে ১৫ মিনিট। কিন্তু এখন সময় লাগছে দেড় ঘণ্টা।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, ভেলানগর জেলখানা মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পশ্চিম ব্রাহ্মণদী এলাকার টাউন হল মোড়ে যেতেই যানজটের শুরু। এ মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত সড়কটি এক দিকে চলাচলের। এ ব্যবস্থা কার্যকর করতে একজন ট্রাফিক পুলিশ নিয়োজিত আছেন। এই জটে লেগে যায় পাঁচ মিনিট। সামনে এগোতেই ব্রাহ্মণদী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে খালপাড়া হয়ে রেলওয়ে স্টেশন ওভারব্রিজ পর্যন্ত ছোট যানের দীর্ঘ সারি। এখানে রেলওয়ে স্টেশনের পাশেই নরসিংদী সরকারি কলেজের সামনে এলোমেলোভাবে দাঁড়িয়ে রিকশা বা অটোরিকশায় যাত্রী ওঠানো-নামানো হয়। এখানে বসে থাকতে হয় প্রায় ২০ মিনিট। এখানে জট এড়াতে কোনো ট্রাফিক পুলিশ নেই। ৫০০ গজ এগোতেই এক ঘণ্টার জটলা। আরশিনগর সিগন্যাল গেট এলাকায় নরসিংদী-রায়পুরার সিএনজি ফিলিং স্টেশন। এখান থেকে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। পাশাপাশি আরশিনগর এলাকায় রেলক্রসিং হওয়ায় ১০ থেকে ১৫ মিনিট পরপর ট্রেন যাওয়া-আসার সময় সিগন্যাল পড়ে। এতে যানজট লেগেই থাকে। এখানে মাত্র একজন ট্রাফিক পুলিশ ও সিএনজি ফিলিং স্টেশনের আরেকজন যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন।
ঈদের কেনাকাটা করতে গতকাল মনোহরদীর গোতাশিয়া থেকে শহরে আসেন হারুন অর রশিদ ও মাহমুদা আক্তার দম্পতি। তাঁরা যাবেন শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজায়। তাঁরা বলেন, ‘সকাল নয়টায় বাড়ি থেকে বের হয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেলানগরে এলাম ৪০ মিনিটে। কিন্তু ভেলানগর থেকে বৌয়াকুড় ইনডেক্স প্লাজা ১০ মিনিটের পথ সোয়া এক ঘণ্টায়ও যেতে পারিনি।’
আরশিনগর সিগন্যাল গেট এলাকায় নরসিংদী সরকারি কলেজের সম্মানের ছাত্র তৌহিদুল ইসলাম মোল্লা বলেন, ‘ওভারব্রিজ থেকে অটোরিকশায় চড়েছি, পুরোনো বাসস্ট্যান্ডে যাব। কিন্তু আরশিনগর থেকে গাড়ি নড়ছেই না।’ অটোরিকশাচালক গোলাম মোস্তফা বলেন, ভেলানগর থেকে পুরোনো বাসস্ট্যান্ডের ভাড়া ১০ টাকা। ১৫ মিনিটের রাস্তা যেতে লাগে দেড় ঘণ্টা।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক শওকত আলী ভূঁইয়া বলেন, ‘পুরো জেলায় আমাদের মোট ৩২ জন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন। তাঁদের দিয়ে দুই পালায় দায়িত্ব পালন করানো হয়। এর মধ্যে নরসিংদী শহরে ৮-১০ জন সব সময় দায়িত্বে থাকেন। ঈদ উপলক্ষে ২০ জুন থেকে তাঁদের পাশাপাশি আরও কিছু পুলিশ দায়িত্ব পালন করবেন। আশা করছি, তখন যানজট কিছুটা কমবে।’