১৫ মিনিটের বৃষ্টিতেই নতুন সড়ক বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল কিশোরগঞ্জে ইজিবাইকে চড়ে নির্মাণাধীন অষ্টগ্রাম–বাহাদুরপুর সড়ক পরিদর্শন করেন l ছবি: প্রথম আলো
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল কিশোরগঞ্জে ইজিবাইকে চড়ে নির্মাণাধীন অষ্টগ্রাম–বাহাদুরপুর সড়ক পরিদর্শন করেন l ছবি: প্রথম আলো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার কিশোরগঞ্জের নির্মাণাধীন অষ্টগ্রাম-বাহাদুরপুর সড়ক পরিদর্শন করেছেন৷ তবে তাঁর পরিদর্শনের জন্য নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগে কিছুক্ষণের বৃষ্টিতেই ওই সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়৷ তাড়াহুড়ো করে সেই গর্ত ঠিক করা হয়েছে৷
অভিযোগ উঠেছে, সড়কের এক পাশে এঁটেল মাটি ব্যবহার করার কথা থাকলে তা না করে বালু ব্যবহার করা হয়েছে৷ এ কারণে কিছুক্ষণের বৃষ্টির ধকল সহ্য করতে পারেনি সড়কটি৷
বিভিন্ন সূত্রে জানা যায়, অষ্টগ্রাম থেকে বাহাদুরপুর পর্যন্ত ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ও ৭ দশমিক ৪ ফুট প্রস্থের এই সড়কটির ব্যয় ধরা হয় ২৫ কোটি টাকা৷ সড়কটির কাজ করছে মেসার্স সফিক ট্রেডার্স। এরই মধ্যে সড়কের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এটি জুন মাসের প্রথম সপ্তাহেই স্থানীয় সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়ার কথা৷ এ অবস্থায় রাষ্ট্রপতি সড়কটি পরিদর্শনে আগ্রহী হন। সড়কটি রাষ্ট্রপতির পরিদর্শনের নির্ধারিত সময় ছিল গতকাল বেলা দুইটা ১০ মিনিট৷
কিন্তু নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে শুরু হয় বৃষ্টি। মাত্র ১৫ মিনিট স্থায়ী ওই বৃষ্টির ধকল সইতে পারেনি সড়কটি৷ বৃষ্টির পানির সঙ্গে সড়কের অনেক জায়গার এক পাশের মাটিও নেমে যায়। অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়। কোথাও কোথাও পিচের মূল সড়কও দেবে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বর্ষায় সড়কের উভয় পাশে বড় বড় ঢেউ আঘাত করবে। তাই সড়কের এক পাশে পাটাতন দেওয়া হয়েছে৷ অন্য পাশে এঁটেল মাটি দিয়ে ভরাট করার কথা বলা হয়েছে৷ ঠিকাদার এক পাশে পাটাতন ফেললেও অন্য পাশে এঁটেল মাটি না ফেলে বালু দিয়ে ভরাট করেছেন।
সরেজমিনে সড়কটির বাজারহাটি, নয়াহাটি ও শান্তিহাটি এলাকায় ছোট-বড় গর্ত দেখা যায়৷ বিভিন্ন স্থানে সড়কে এক পাশের মাটি নেমে যাওয়াও চোখে পড়ে৷ ঠিকাদারের প্রতিনিধি নূর মোহাম্মদ ও শ্রমিক সর্দার মঞ্জুল মিয়ার তদারকিতে গর্ত ভরাটের কাজ চলছিল। নূর মোহাম্মদ বলেন, ‘রাষ্ট্রপতি আসবেন, এ কারণে তড়িঘড়ি করে বালু দিয়ে সমস্যার সমাধান করতে হয়েছে। কাজ বুঝিয়ে দেওয়ার আগে আমরা এর ওপর এঁটেল মাটি ফেলে ঘাস লাগিয়ে দেব।’
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সড়কের কাজ দুর্বল হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এঁটেল মাটি দিয়ে ভরাট করলে সমস্যার সমাধান হবে। তবে সড়ক ঠিক রাখতে হলে উভয় পাশে পাটাতন দিয়ে প্রতিরক্ষা সৃষ্টি করার বিকল্প নেই।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ বেলা দুইটা পাঁচ মিনিটে ইজিবাইকে চড়ে ওই সড়কের কিছু অংশ পরিদর্শন করেন৷ পরে কাস্তুল গ্রামে ওই সড়কের ওপর নির্মিত মঞ্চে যান৷ সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তৃতা করেন৷