১৫ মিনিটের ব্যবধানে ডিসি-এসপির দুটি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আইনশৃঙ্খলা বিষয়ে সভা ডেকেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। এ বিষয়ে কেউ কারও মতামত নেননি। তবে একে অপরকে আমন্ত্রণ জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বিষয়ে ডাকা এই সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উভয় সভায় আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে প্রশাসন ও পুলিশের একই কর্মকর্তারা রয়েছেন।
স্বল্প সময়ের ব্যবধানে দুটি সভা ডাকায় জেলায় প্রশাসন ও পুলিশের মধ্যে বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে ওই জেলার একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানার কাছে পুলিশ চেয়েও পাননি।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন। সাবেক ডিসি ও সরকারের একজন যুগ্ম সচিব লিখেছেন, পুলিশ সুপার এমন সভা ডাকতে পারেন না। আরেকজন মন্তব্য করেছেন, এটা উদ্দেশ্যমূলকভাবে ডাকা হয়েছে। গতকাল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ সুপারের ডাকা সভার চিঠি ফেসবুকে দেওয়ার পর রাত নয়টা পর্যন্ত ৭৯টি মন্তব্য পড়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি৷ পুলিশ সুপারসহ অন্যরা ওই কমিটির সদস্য। স্থানীয় সাংসদ উপদেষ্টা। বেশ কয়েক দিন আগেই জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেছেন। কাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ওই সভা হওয়ার কথা। সভায় পুলিশ সুপারও আমন্ত্রিত। আলোচনার বিয়য়বস্তু জেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের আসন্ন উপনির্বাচন৷
অন্যদিকে পুলিশ সুপার একই দিন সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা ডেকেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তিনি। আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, ‘পুলিশ সুপার যে সভা ডেকেছেন, সেটি আইনশৃঙ্খলা কমিটির সভা নয়। অনানুষ্ঠানিকভাবে তিনি এ বিষয়ে সভা ডাকতে পারেন। কিন্তু একই দিনে প্রায় একই সময়ে এই সভা কেন ডেকেছেন, তা উনি বলতে পারবেন।’
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘২৬ জুনের উপনির্বাচন উপলক্ষে তিনি এ সভা ডেকেছেন। এতে জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশের কর্মকর্তা ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি হাস্যকর হয়ে উঠেছে। ১৫ মিনিটের ব্যবধানে একই কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এই সভা স্পর্শকাতর এই জেলায় খারাপ বার্তা দেবে।