১৫ মিনিটের শিলাবৃষ্টিতে ১১ কোটি টাকার ক্ষতি
‘এই দুই বিঘা জমিই আমার সম্বল। ১০ হাজার টাকা দেনা করি জমিত গমের আবাদ করিছিনু। গমও ভালোই হয়ছিল। আর কয়টা দিন গেলেই কাটা যাইত। কিন্তু শিলে সব শেষ করি দিছে। এখন দেনা শোধ করব কী করি, আর খাবই বা কী?’ কথা শেষ হতেই কান্নায় ভেঙে পড়লেন নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের কৃষক মকবুল হোসেন। একই গ্রামের দিনমজুর আকবর আলী বললেন, ‘পাঁচ হাজার টাকায় বর্গা লিয়া ১০ কাঠা জমিতে পিঁয়াজ লাগাইছিনু। শিলে পিঁয়াজের গাছ মাটির সঙ্গে মিশায় দিছে। খরচের ট্যাকাও উঠপি না।’ পাশের দত্তপাড়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘তিন বিঘা জমিতে কলার বাগান করিছিনু। কলাও ধরিছিল ভালোই। কিন্তু বড় বড় শিল পড়ি গাছপালা চুরমার হয়া গিছে।’ গত বুধবারের শিলাবৃষ্টিতে তাঁদের মতো নাটোরের সাত হাজার কৃষকের জমির উঠতি ফসল তছনছ হয়ে গেছে। সরকারি হিসাবে মোট ক্ষতির পরিমাণ সাড়ে ১১ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো সহযোগিতা পায়নি।নাটোর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের কৃষক হাছান আলী বলেন, ‘গত বুধবার রাত দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত আচমকা বড় বড় শিলসহ বৃষ্টি হয়। শিলের আঘাতে মাঠের গম, মসুর, ধনিয়া, মটর, পিঁয়াজ, রসুন, আম, কাঁঠালসহ সব ধরনের সবজি খেত ধ্বংসস্তূপে পরিণত হয়। ভারী শিলাবর্ষণে বহু ঘরের ঢেউটিন ফুটো হয়ে যায়। খাট-চৌকির নিচে আশ্রয় লিয়া আমরা জীবন রক্ষা করি।’ বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের সোহেল হোসেন বলেন, ‘আমাদের গ্রামে এক ছটাক থেকে ২০ কেজি ওজনের শিল পড়েছে। দুই দিন পরেও অনেক জায়গায় শিল জমে থাকতে দেখা যায়।’ নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবারের শিলাবৃষ্টিতে জেলায় মোট ১০ হাজার ৭০০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় নয় হাজার ৮৯১ হেক্টর ও বাগাতিপাড়া উপজেলায় ৮২৫ হেক্টর আবাদি জমি রয়েছে। সদর উপজেলার ৮৫ শতাংশ আবাদি গমের ক্ষতি হয়েছে। ৬০ শতাংশ মসুর, ৭০ শতাংশ পেঁয়াজ, ৭৫ শতাংশ পেঁয়াজবীজ নষ্ট হয়েছে। ৩০ থেকে ৫০ শতাংশ সবজির ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির পর কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে, মোট ক্ষতির পরিমাণ ১১ কোটি ৪২ লাখ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক এম দেলওয়ার হোসেন বলেন, ‘মাঠের চৈতালি ফসল ঘরে তোলার মুহূর্তে ঘটে যাওয়া শিলাবৃষ্টিতে সদর উপজেলার বড় হরিশপুর, তেবাড়িয়া, হালসা ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম এবং বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া, জামনগর ও ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের অধিকাংশ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মাঠকর্মীরা গত কয়েক দিন ধরে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন। সরকারের উচ্চপর্যায়ে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে কোনো সাহায্য পৌঁছানো যায়নি।’