
সোমবার দুপুর ১২টা! বরিশাল নগরের আমতলা মোড় থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত দুই কিলোমিটার যানজট। কুয়াকাটা ও ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস এবং নগরের ছোট-বড় যান আটকা পড়েছে সেই জটে। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থেকে ত্যক্ত-বিরক্ত মানুষ।
সাগরদী ব্রিজের ঢাল থেকে কয়েক শ মিটার সড়কের বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অংশ দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে যান। সড়ক ও জনপথ বিভাগ থেকে গর্ত ভরাটের জন্য ইট দেওয়া হলেও তা উঠে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হয়েছে।
এই খানাখন্দের কারণে সাগরদী এলাকার সড়কটি যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে সকাল-সন্ধ্যা যানজট লেগে থাকে সেখানে।
বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের ভেতরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় আট কিলোমিটার সড়ক রয়েছে। নগরের ভেতরে হলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সওজের। সড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় সিটি করপোরেশন থেকে নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু সাগরদী ব্রিজ থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত দুই-তিন কিলোমিটারে কোনো নালা না থাকায় ওই অংশে সড়ক দ্রুত নষ্ট হয়ে গেছে। এর ফলে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।
সাগরদী এলাকার বাসিন্দা মো. শাহাবউদ্দিন খান বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সড়ক ভেঙে দেবে গেছে। সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাদাপানিতে হেঁটেও চলা যাচ্ছে না। তবু সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে সারা দিনই যানজট লেগে থাকে।
রূপাতলী থেকে ইজিবাইকে করে সদর রোডে যাচ্ছিলেন মাকসুদা বেগম। তিনি বলেন, রূপাতলী থেকে সদর রোড যেতে ১৫ মিনিট লাগে। সড়ক খারাপ হওয়ায় এখন এক থেকে দেড় ঘণ্টাও লাগে।
সাগরদী বাজারে কেনাকাটা করতে এসেছিলেন উম্মে হাবিবা। তিনি প্রথম আলোকে বলেন, হেঁটেও বাজারে আসার মতো অবস্থা নেই। রিকশায় উঠলেই যানজট। সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে আছে সবাই।
সড়কটির বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের অবস্থা ভালোই আছে। কিন্তু সাগরদী এলাকায় বিটুমিন উঠে গিয়ে সড়ক খারাপ হয়ে গেছে। দোকানপাটের কারণে পাশে নালা করা সম্ভব হয়নি। গর্ত ও কাদাপানিতে তাই ওই এলাকায় যানজট হচ্ছে। বর্তমানে ইট দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বর্ষা কমলে মেরামত করা হবে। তখন সমস্যা থাকবে না।