১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট ইউএস বাংলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রী পরিবহনের আনুষ্ঠানিক ঘোষণা দিল ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ১৫ মে থেকে শুরু হওয়া ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া ও আসার ভাড়া হবে ১৭ হাজার ৬৬২ টাকা। তবে শুধু যাওয়া কিংবা আসার জন্য ভাড়া লাগবে ১০ হাজার ৫৮০ টাকা। বিমান সংস্থা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের এই বেসরকারি বিমান সংস্থাটি। প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা তিনটায় ছেড়ে যাবে এবং নেপালের কাঠমান্ডুতে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। অন্যদিকে কাঠমান্ডু থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বিমানটি।
ইউএস-বাংলা জানায়, ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের নিউ জেনারেশন এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কাঠমান্ডু পথে ফ্লাইট পরিচালিত হবে। গত ২৪ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনস কাঠমান্ডু থেকে ঢাকা পথে যাত্রী পরিবহনের জন্য নেপাল সরকারের অনুমতি পায়। বর্তমানে বিমান সংস্থাটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে আকাশপথে যাত্রী পরিবহন করছে।