১৫ মে রাজশাহী, ২৪ মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ১৫ মে রাজশাহী মহানগর এবং ২৪ মে দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দলীয় জোট। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।
গণসমাবেশে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময়ও মানুষ হত্যা করেছেন, ক্ষমতার বাইরে গিয়েও মানুষ হত্যা করছেন। ১৯৯১ সালে ক্ষমতায় থাকতে ১৮ জন কৃষক হত্যা করা হয়েছে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর ২১ আগস্ট গ্রেনেড হামলা কিংবা হিন্দু পরিবারকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা আপনারা নিশ্চয় ভুলে যাননি। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘সব দিক থেকে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন শেখ হাসিনার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার নেতৃত্বে তাঁকে নির্বাচনে পরাজিত করেছি, আন্দোলনে পরাজিত করেছি, ভবিষ্যতেও তাঁকে পরাজিত করব। কোনো ষড়যন্ত্রে সে সফল হতে পারবে না।’ দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জঙ্গি উত্থানের নামে কাউকেই বাংলাদেশ নিয়ে নতুন খেলা খেলতে দেওয়া হবে না। জঙ্গি দমনে বাংলাদেশই যথেষ্ট।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি দমন করতে চাইলে জঙ্গিবাদের ঘাঁটি বিএনপি এবং খুঁটি খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করা দরকার। জামায়াতের মতো বিএনপি এখন সন্ত্রাসী দল। নিজামীর যদি বিচার এবং ফাঁসি হয়, মানুষ পোড়ানোর জন্য আমি খালেদা জিয়ারও বিচার এবং ফাঁসি দাবি করছি।’