১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৩৫ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআরের প্রশিক্ষণ কেন্দ্রে গঠিত বিশেষ আদালত-১৬ এই রায় দেন। এদিকে রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায়ের তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।বিশেষ আদালত-১৬-এর বিচারকমণ্ডলীর সভাপতি রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম সকাল ১০টায় রায় ঘোষণা শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে রায় ঘোষণা করা হয়। ১৫ রাইফেল ব্যাটালিয়নের ১৭ জনকে সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন সুবেদার মেজর জহিরুর রহমান, এস এম আবদুস সামাদ ও ইসমাইল হোসেন, নায়েক সুবেদার মনোরঞ্জন দত্ত, হাবিলদার আমির হোসেন ও সাইফুল আলম, নায়েক সিরাজুল ইসলাম ও জি এম জিয়াদুল ইসলাম, ল্যান্স নায়েক মোকছেদ আলী ও আবু জামাল চৌধুরী এবং সিপাই হুমায়ুন কবীর, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান, মুন্সি মো. আল বারী, হোসেন শাহ সোহরাওয়ার্দী, আবদুল মজিদ ও বিল্লাল হোসেন। এ ছাড়া চারজনকে পাঁচ বছর করে, পাঁচজনকে চার বছর, দুজনকে তিন বছর, তিনজনকে দুই বছর ও চারজনকে এক বছর করে সাজা দেওয়া হয়। আসামিরা সবাই বেসামরিক কারাগারে তাঁদের সাজা ভোগ করবেন বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। রায়ে বলা হয়, ২৫ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ, দলিলপত্র ও বিভিন্ন আলামতের ভিত্তিতে প্রমাণিত হয়েছে, ১৫ রাইফেল ব্যাটালিয়নে পরিকল্পিতভাবে আসামিরা বিদ্রোহ ঘটিয়েছেন। আইন অনুযায়ী আসামিদের আত্মপক্ষ সমর্থনের ২৭ দিনের সময় দেওয়ার বিধান থাকলেও তাঁদের ৪৭ দিনের সময় দেওয়া হয়েছে। সাফাই সাক্ষী আনারও সুযোগ দেওয়া হয়। যদিও তাঁরা কোনো সাফাই সাক্ষী আনেননি। পাশাপাশি যাঁরা দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছেন, যাঁদের চাকরির বয়স কম, যাঁরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন ও বিভিন্ন সময় কৃতিত্বপূর্ণ কাজের জন্য খেতাব পেয়েছেন, সেই বিষয়গুলোও আদালত রায়ে বিবেচনায় নিয়েছেন। বিচার চলার সময় ১০ জন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়েছিলেন।ঢাকায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ হয়। এ ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর বিডিআর আইনে মামলা করা হয়। এদিকে ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় রাজশাহী সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ গতকাল সাফাই সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ৩ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়েছে। সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ৪৪ বিডিআর জওয়ানকে আদালতে হাজির করা হয়। সকাল সোয়া আটটায় বিচারকাজ শুরু হয়। বিচারক প্রত্যেক আসামিকে এক মিনিট করে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন। আাাসামিদের পক্ষে ১২ জন সাফাই সাক্ষী হাজির করা হলেও তাঁরা কেউ আদালতে সাক্ষ্য দেননি। সকাল পৌনে ১০টায় আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক কর্নেল মো. নজরুল ইসলাম সরকার। গত বছর ১৩ নভেম্বর বিশেষ আদালত-১৭-এ বিদ্রোহের বিচার শুরু হয়।