ঈদে বোনাস দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাজভাঙা কারখানার শ্রমিকদের সংগঠন শিপব্রেকিং শ্রমিক-কর্মচারী ফেডারেশন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।
শতাধিক শ্রমিক সড়ক বিভাজকের ওপর ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে ১৫ রোজার মধ্যে ঈদের বোনাস দেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালের মার্চ মাসে জাহাজভাঙা কারখানাকে শিল্প ঘোষণা করে সরকার। অথচ এখন পর্যন্ত জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা নিয়োগপত্র পাচ্ছেন না। কারখানা থেকে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হয় না। তাঁরা বলেন, পোশাক খাতসহ বিভিন্ন শিল্পে কাজ করা শ্রমিকেরা বছরের দুই ঈদে বোনাস পান। অথচ দু-একটি জাহাজভাঙা কারখানা ছাড়া অন্য কোনো কারখানার শ্রমিকেরা বোনাস পান না। ১৫ রমজানের মধ্যে বোনাস না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
শিপব্রেকিং শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু নূর মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য সরওয়ার হোসেন, মো. শাহীন, মো. শহিদ, মতিউর রহমান।