১৫ লঞ্চঘাটের করুণ দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বরগুনার প্রায় ১৫টি লঞ্চঘাট প্রায় চার বছরেও মেরামত করা হয়নি। লঞ্চঘাটগুলোর সিঁড়ি ও পন্টুনের বেহাল অবস্থার কারণে জেলার হাজার হাজার যাত্রীকে প্রতিদিন লঞ্চে ওঠানামার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আসন্ন ঈদে ঘরমুখো মানুষের এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।স্থানীয় সূত্রগুলো বলছে, এসব লঞ্চঘাটের বেশির ভাগ পন্টুনের নিচের অংশ ছিদ্র হয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় পড়ে আছে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের সময় বরগুনার বেতাগী, ফুলঝুরি, রামনা, কালিকাবাড়ী, কাকচিঁড়া, কালমেঘা, নলী, বদনীখালী, তালতলী, পাথরঘাটা, বগী, পচাকোড়ালিয়া ও পুরাকাটা লঞ্চঘাটের পন্টুনগুলো প্রবল জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায়। পন্টুনগুলোর ছাউনি উড়ে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন পর এসব পন্টুন যথাস্থানে পুনঃস্থাপন করা হলেও পরবর্তী সময়ে বেশির ভাগ পন্টুনের তলা ফুটো হয়ে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে আছে। বরগুনা সদরের ফুলঝুরি, নলী, পুরকাটার পাথরঘাটার কাকচিঁড়া, কালমেঘা; বামনা উপজেলার রামনা, বেতাগীর বদনীখালী, কালিকাবাড়ী, আমতলী উপজেলার তালতলী, বগী, পচাকোড়ালিয়ার পন্টুনগুলো দীর্ঘদিন পানিতে ডুবে আছে। এসব লঞ্চঘাট থেকে প্রতিদিন ঢাকা, বরিশাল ও অভ্যন্তরীণ বিভিন্ন পথে অন্তত ৩০-৩৫টি লঞ্চ চলাচল করে।সম্প্রতি সরেজমিন দেখা গেছে, বরগুনা সদরের পুরাকাটা লঞ্চঘাটে নড়বড়ে সেতু পার হয়ে নিমজ্জিত পন্টুনটির ছাউনির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাজার হাজার যাত্রী লঞ্চে ওঠানামা করছে। একই রকম দৃশ্য দেখা গেছে সদরের ফুলঝুরি, নলী ও পাথরঘাটার কাকচিঁড়া লঞ্চঘাটে।পাথরঘাটার কালমেঘা লঞ্চঘাটের পন্টুনটি গত বছরের ডিসেম্বরে ঘাটসংলগ্ন নদীতে ডুবে যায়। সেটি আর উদ্ধার করা হয়নি। আমতলীর বগী লঞ্চঘাটের পন্টুনটি ডুবন্ত অবস্থায় স্থানীয় লোকজন বেঁধে রেখেছেন প্রায় চার বছর ধরে। এটি এখন জোয়ারে ডোবে, ভাটায় ভেসে ওঠে। কালিকাবাড়ীর পন্টুনটি গত বছরের জুনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সরিয়ে নিয়ে গেলেও সেখানে নতুন কোনো পন্টুন দেওয়া হয়নি। এ ছাড়া বদনীখালী, ফুলঝুরি ও কাকচিঁড়ার পন্টুনগুলো অর্ধনিমজ্জিত থাকায় যাত্রীদের মালামাল নিয়ে লঞ্চে ওঠানামা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিডরের পর বরগুনা সদর, বামনা ও পাথরঘাটায় নতুন তিনটি পন্টুন দেওয়া হলেও বরগুনার পুরোনো পন্টুনটি দীর্ঘদিন ধরে ঢলুয়ায় নিমজ্জিত অবস্থায় ফেলে রাখা হয়েছে।ফুলঝুরি লঞ্চঘাটে যাত্রী ইসরাত জাহান বলেন, ছোট ছেলেমেয়েদের নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে বুকটা ধড়ফড় করে। যেকোনো মুহূর্তে পা পিছলে নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা আছে। ফুলঝুরি ঘাটের ইজারাদার বাদল দাস ও দুলাল খলিফা বলেন, ‘আমরা সরকারকে টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও পন্টুনটি সরিয়ে নতুন পন্টুন দিচ্ছে না।’পুরাকাটা লঞ্চঘাটের ইজারাদার আবদুল বারেক বলেন, ‘আমরা বহু দিন ধরে কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য অনুরোধ করে কোনো ফল পাচ্ছি না।’ঈদে এসব পন্টুনে অতিরিক্ত যাত্রী সমাগম হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন যাত্রী ও ঘাটের ইজারাদারেরা। বিআইডবিব্লউটিএ পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। শিগগিরই এসব পন্টুন সরিয়ে আনা হবে। তবে ওই সব লঞ্চঘাটে নতুন পন্টুন দেওয়া হবে কি না—এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ, কর্তৃপক্ষ বর্তমানে নতুন করে পন্টুন সরবরাহ আপাতত বন্ধ রেখেছে।