১৫ লাখ টাকা আত্মসাৎ করে উধাও মিড্স আইটি
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ঘরে বসে রোজগারের লোভনীয় ফাঁদে ফেলে মারর্স এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (মিড্স) নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। প্রতিষ্ঠানটি কম্পিউটার শিক্ষার পাশাপাশি বোনাস পাঠ ও বিপণন শেখানোর কথা বলে প্রায় ৩০০ জনকে ভর্তি করিয়েছিল।প্রতারিত শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নয় মাস আগে গৌরনদীর স্থানীয় একাধিক যুবকের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়দানকারী সাকিব হোসেন, দ্বীন ইসলাম, হায়দার হোসেন ও রাশেদ রায়হান নামে চারজন পৌর সদরে গৌরনদী নাহার সিনেমা সংলগ্ন আলমগীর হোসেনের বাড়ির একটি ফ্লাট ভাড়া নেন। ওই বাড়িতে তাঁরা মিডেসর শাখা অফিসের নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে কার্যক্রম শুরু করেন।ওই প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক কাজী পলাশ জানান, মিডেসর কর্মকর্তারা অফিস নিয়েই ১০টি কম্পিউটার স্থাপনসহ কম্পিউটার শিক্ষায় দক্ষ চারজনকে কম্পিউটার শিক্ষক পদে এবং রফিকুল ইসলাম নামে একজনকে ইংরেজির শিক্ষক হিসেবে ১৫ হাজার টাকায় নিয়োগ দেন। তাঁদের পাঁচ মাসের বেতন পাওনা রয়েছে।প্রতিষ্ঠানের কর্মকর্তা দীন ইসলাম মুঠোফোনে জানান, ঢাকায় ধানমন্ডির প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং জনৈক মনিরুজ্জামান এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে তিনি তাঁর মুঠোফোন নম্বর দিতে চাননি। ইংরেজির শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের মিডসে ভর্তি হতে উৎসাহিত করা হয়। তাদের কম্পিউটার, ইংরেজি ও ইন্টারনেট শিক্ষা গ্রহণের মাধ্যমে বোনাস পাঠ ও বিপণনের মাধ্যমে ঘরে বসে লাখ লাখ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি হিসেবে পাঁচ হাজার করে টাকা নেওয়া হয়।মিডেসর সদস্য সরকারি গৌরনদী কলেজের ছাত্র মো. আমিনুর, মো. আজাদ হোসেন, এস এম মাসুম, কানিজ ফাতেমা জানান, তাঁদেরকে কম্পিউটার ও ইংরেজি শিক্ষার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা রোজগারের প্রলোভন দেখানো হয়। তাঁদের জানানো হয়, বোনাস পাঠ প্রকল্পে যে যত নতুন সদস্য বৃদ্ধি করতে পারবে তার হিসাব নম্বরে প্রত্যেকের বিপরীতে এক হাজার টাকা করে জমা হবে। ডানে-বাঁয়ে সদস্য ৩-৩ হলে তার হিসাব নম্বরে আরও এক হাজার ৪০০ টাকা জমা হবে। আর ১৫-১৫ হলে তাকে পদোন্নতি দেওয়া হবে এবং তার হিসাবে চার হাজার টাকা জমা হবে। এ ছাড়া প্রতি তিন মাস পর প্রত্যেককে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও কম্পিউটার শিক্ষার সনদ প্রদান করার কথা বলা হয়। সরকারি গৌরনদী কলেজের আরেক ছাত্র মো. মামুন বলেন, লোভে পড়ে তিনি তাঁর সহপাঠী ও বন্ধুমহলের ১৭ জনকে উৎসাহিত করে ৮৫ হাজার টাকা দিয়ে সদস্য করেছেন। গত শনিবার সরেজমিনে গিয়ে ওই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখা যায়। এ সময় মিডেসর সদস্য মো. আলতাফ, মো. শাওন, ইমরান হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তাঁরা টাকা ফেরতের জন্য এসেছেন। বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, চার মাস ধরে তাঁর বাড়িভাড়া বকেয়া রয়েছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।তবে গৌরনদী মিডেসর কর্মকর্তা মো. সাকিব হোসেন টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা উধাও হয়ে যাইনি। কিছু ঝামেলা হওয়ায় অফিস সাময়িকভাবে বন্ধ রয়েছে।’