পাঁচ মাসে ১৫ লাখ টাকা দেওয়ার শর্তে মো. আসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করল রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। এমন লিখিত শর্তে গতকাল রোববার সন্ধ্যায় মরদেহ বুঝে নেন স্বজনেরা।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও আসলামের স্বজনেরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা আসলামকে গত ৩ জুলাই ফুসফুসের সমস্যার কারণে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত তিনটার দিকে চিকিৎসাধীন মারা যান আসলাম। তাঁর চিকিৎসা বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের প্রায় ৩১ লাখ টাকার একটি বিল দেয়। স্বজনেরা প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ছাড়া মরদেহ দেওয়া হবে না বলে স্বজনদের সাফ জানিয়ে দেয় বলে অভিযোগ করেন আসলামের স্বজনেরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
লাশ হস্তান্তরের বিষয়ে গতকাল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আসলামের স্বজনদের সঙ্গে আলোচনায় বসে। সিদ্ধান্ত অনুযায়ী, আসলামের পরিবারকে আগামী পাঁচ মাসে ১৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। এই শর্তের বিষয়টি স্ট্যাম্পে লিখে হাসপাতাল কর্তৃপক্ষ ও আসলামের স্বজনেরা সই করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৪০ হাজার টাকা দেন আসলামের স্বজনেরা।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আসলামের চিকিৎসায় ৩১ লাখ ৮২ হাজার টাকা বিল এসেছে। তাঁর স্বজনেরা ১২ লাখ টাকা শোধ করেছেন। মানবিক বিবেচনায় বাকি প্রায় ১৯ লাখ টাকার মধ্যে চার লাখ টাকা কমিয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে। তাঁরা ৪০ হাজার টাকা দিয়েছেন। বাকি ১৪ লাখ ৬০ হাজার টাকা পাঁচ মাসে শোধ করবেন।
হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোগীর স্বজনদের মাধ্যমে তৈরি পরিস্থিতি আমাদের আস্থায় ভীষণভাবে নাড়া দিয়েছে। মুমূর্ষু রোগীকে সারিয়ে তোলাটাই আমাদের মুখ্য কাজ। টাকা আদায় করে চিকিৎসা দেওয়া নয়। হাসপাতালে চিকিৎসা শেষে বিল দেওয়া হয়। বিলের ব্যাপারে শুরু থেকেই আসলামের স্বজনেরা হাসপাতালকে আশ্বস্ত করেছিলেন।’
যোগাযোগ করা হলে আসলামের মেয়ে সাদিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা মরদেহ বুঝে পেয়েছেন। বাসায় নিয়ে যাওয়ার পর তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, বাবার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন তাঁরা। এ মুহূর্তে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আকুল আবেদনও করেছেন সাদিয়া।