১৫ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন, সেচসুবিধা নেই
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৫ লাখ টাকা ব্যয়ে একটি খাল পুনঃখনন করা হলেও তাতে পানিপ্রবাহের কোনো ব্যবস্থা হয়নি। ফলে স্থানীয় লোকজন সেচ নিয়ে সংকটে পড়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, হাকালুকি হাওরপাড়ের বোরোধানের জমিতে সেচসুবিধা ও বর্ষায় পানি নিষ্কাশনের সুবিধার্থে ১৯৭৯ সালের দিকে জুড়ীর কণ্ঠিনালা নদী থেকে জুড়ী-কুলাউড়া সড়কের পাশ দিয়ে কুলাউড়া উপজেলার পুষাইনগর এলাকা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ ‘জিয়া খাল’ খনন করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন খালের জায়গা অবৈধভাবে দখল করে বাড়িঘর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করলে এটি সংকীর্ণ হয়ে যায়। ২০০৯ সালের দিকে সড়ক ও জনপথ বিভাগ কণ্ঠিনালা নদীর ওপর নির্মিত সেতুর এক পাশে তীর সংরক্ষণে খালের উৎসমুখে কংক্রিটের ব্লক স্থাপন করে। এতে খালটিতে পানিপ্রবাহ একেবারে বন্ধ হয়ে পড়ে।সূত্র জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ‘হবিগঞ্জ-মৌলভীবাজার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের’ আওতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের (২০১১) গত ১৭ জানুয়ারি খালটির পুনঃখননকাজ শুরু করে। এ সময় এটি ‘হযরত শাহ্ খাকি (রহ.) খাল’ নামকরণ করা হয়। খননযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে খালের উৎসমুখের সদর জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালা সেতু থেকে ভূঁয়াই এলাকা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা পুনঃখনন করা হয়। সরেজমিনে দেখা যায়, উৎসমুখ বন্ধ। খালের কিছু জায়গায় লোকজন মাটির বাঁধ দিয়ে বৃষ্টির পানি আটকে রেখেছেন। আর বাকি জায়গা শুকিয়ে গেছে।এলাকাবাসী জানান, বোরোধানের মৌসুম শুরু হয়েছে। বীজতলা তৈরির কাজ চলছে। খালে পানি না থাকায় সেচ নিয়ে তাঁরা চিন্তায় পড়ে গেছেন। স্থানীয় গরেরগাঁও গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া (৪০) উদ্বেগের সঙ্গে বলেন, ‘খাল খোদানি অইল, আর মুখ বন্ধ রইল। এতে তো কোনো লাভ অইল না। আলিচেরায় সেচ লাগব। পানি নাই। ই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমূল ইসলাম জানান, পানিপ্রবাহের ব্যবস্থার জন্য কংক্রিটের ব্লক সরিয়ে কণ্ঠিনালা নদী থেকে খালের উৎসমুখ পর্যন্ত ৩৬ ফুট দৈর্ঘ্যের লোহার পাইপ স্থাপন করতে হবে। পাইপ চেয়ে বিএডিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। এখনো তা পাওয়া যায়নি। আর ব্লক সরানো এবং আবার ব্লক স্থাপনের ব্যাপারে সওজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে। দায়িত্বে থাকা বিএডিসির কুলাউড়া কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মনির আহমেদ বিকেলে জানান, পাইপ সরবরাহের বিষয়ে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিন্তাভাবনা করছেন।