১৫ লাখ টাকার ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
বান্দরবানের লামা উপজেলার এক ইউপি সদস্যকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গতকাল শুক্রবার জানিয়েছেন।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বলেন, লামা উপজেলার গজালিয়া ইউপি সদস্য মংম্রাচিং মারমা ইয়াবা চালান নিয়ে চট্টগ্রামে আসার ব্যাপারে তাঁদের কাছে গোপন সংবাদ ছিল। তিনি কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় গাড়ি থেকে নামবেন নিশ্চিত হয়ে তাঁরা সেখানে ছদ্মবেশে অপেক্ষা করতে থাকেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের উপপরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, গাড়ি থেকে নামার পর নিশ্চিত হয়ে তাঁরা মংম্রাচিংকে আটক করেন। তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটের বিশাল চালান পাওয়া যায়। তিনি কক্সবাজার থেকে এ ইয়াবা চালান নিয়ে এসেছেন এবং আগেও কয়েকটি চালান নিয়ে আসার কথা স্বীকার করেছেন। গাড়ি থেকে নামার পর মংম্রাচিংয়ের সঙ্গে আর কেউ না থাকায় শুধু তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে তপন শর্মা দাবি করেন।
তবে লামা উপজেলার গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথায়াইচিং মারমা বলেন, তার ইউপি সদস্য মংম্রাচিং ইয়াবা ব্যবসার সঙ্গে কোনো মতেই জড়িত থাকার কথা না। কেউ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে কিছু করেছে কি না এবং কোথায়, কীভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা পরিষ্কার নয়। তিনি (মংম্রাচিং) হাসপাতালে থাকা অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে যাচ্ছিলেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, মংম্রাচিং মারমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।