১৫ লাখ টাকার চুক্তিতে জাহিদকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসানকে (৫৩) ভাড়াটে খুনিরা ১৫ লাখ টাকার চুক্তিতে হত্যা করেছে। টাকার জোগান দিয়েছেন ফকিরহাটের তিন ব্যক্তি।হত্যা পরিকল্পনার সভাগুলো হয়েছে ফকিরহাটে এবং খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায়। হত্যা অভিযানে সরাসরি অংশ নিয়েছে ফকিরহাট, খুলনা ও অন্যান্য স্থান থেকে আসা নয়-দশজন হত্যাকারী। খান জাহিদ হাসানের সঙ্গে নিহত হয়েছিলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মুন্না আকন (২৮)। তিনি পরিস্থিতির শিকার। জাহিদকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুন্না নিহত হন।খুলনা জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আলমগীর শেখ ওরফে বাঘা (৩২) নামের এক যুবক গত শনিবার খুলনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন। তিনি নিজেও হত্যার ওই অভিযানে সরাসরি অংশ নেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন। গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ পূর্ব রূপসা ফেরিঘাট এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে।রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আলমগীর শেখ নৈহাটি ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনারের দেহরক্ষী হিসেবে পরিচিত। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। পূর্ব রূপসা ফেরিঘাট এলাকার একটি হত্যা মামলায় বেশ কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। পুলিশের ভাষ্যমতে, আলমগীর একজন পেশাদার খুনি। আদালতের বিচারিক হাকিম মো. সাঈদুর রহমান শনিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আলমগীরের জবানবন্দি নেন। পরে রাতেই তাঁকে খুলনা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ১৮ মে সকাল পৌনে ১০টার দিকে রূপসার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট পুরোনো সড়কে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র সন্ত্রাসীরা খান জাহিদ হাসান ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মুন্না আকনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। জাহিদ তাঁর খুলনার বাসভবন থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। এ ঘটনায় জাহিদের স্ত্রী শিরিন আক্তার ১৯ মে ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতিসহ নয়জনের নাম উল্লেখ করে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। এ পর্যন্ত পুলিশ আজাদ নামের এই মামলার এজাহারভুক্ত এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন (৪৮), ফকিরহাটের কাঁঠালতলা এলাকার আজমল হোসেন (৩৫), আট্টাকি এলাকার আজাদ (৩০), রূপসার আলাইপুর গ্রামের আয়ুব আলী খান (৫২) এবং নৈহাটি গ্রামের আলমগীর খান (৩২)।জাহিদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির জানান, ঘটনার ২০ দিনের মধ্যে আলমগীর শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলা তদন্তকারীদের আলোর পথ দেখিয়েছে। কারণ, ঘটনার উল্লেখযোগ্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্ত করতে গিয়ে তাঁরা কিছুটা অন্ধকারে ছিলেন।