১৫ লাখ বস্তা আলু অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধে রংপুরের ৩৩টি হিমাগারে প্রায় ১৫ লাখ বস্তা (এক লাখ ২৬ হাজার মেট্রিক টন) আলু আটকা পড়েছে। এর ফলে হিমাগারের মালিক ও ব্যবসায়ীদের প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এই বিপুল ক্ষতির মুখে পড়ে হিমাগারের মালিক, আলু ব্যবসায়ী ও চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
রংপুর শিল্প ও বণিক সমিতি সূত্র জানায়, রংপুর আলু উৎপাদনের অন্যতম এলাকা। এই এলাকার উৎপাদিত আলু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই জেলায় ৩৩টি হিমাগারে আলুর ধারণক্ষমতা আনুমানিক ৫০ লাখ বস্তা।
হিমাগারের মালিকেরা জানান, প্রতিবছর ডিসেম্বর মাসে হিমাগার খালি হয়ে যায়। এর পরই হিমাগারের রক্ষণাবেক্ষণের কাজ করে নতুন আলু তোলা হয়। এবার একটানা অবরোধের কারণে ওই সব হিমাগারে প্রায় ১৫ লাখ বস্তা আলু অবিক্রীত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এফবিসিসিআইয়ের পরিচালক ও রংপুরের ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরীর নয়টি হিমাগারের ধারণক্ষমতা ১৫ লাখ বস্তা। টানা হরতাল-অবরোধের কারণে তাঁর সাড়ে চার লাখ বস্তা আলু অবিক্রীত রয়ে গেছে। এখন বাজারে নতুন আলু ওঠায় এসব আলু আর বিক্রি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে আলুর মালিকেরাও হিমাগারের খরচ দিতে আসছেন না। হিমাগারে নিজের আলুসহ তাঁর ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২২ কোটি টাকা বলে দাবি করেছেন তিনি।
রংপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেনের তিনটি হিমাগারে ধারণক্ষমতা সাড়ে চার লাখ বস্তা। এর মধ্যে প্রায় দেড় লাখ বস্তা আলু অবিক্রীত রয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘদিনের ব্যবসায় এবারই প্রথম এত ক্ষতির মুখে পড়েছি। অবিক্রীত এসব আলু মাটিতে পুঁতে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এ কারণে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হবে। এবার ঋণখেলাপি হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।’
হোমল্যান্ড হিমাগারের এক মালিক আবুল কাশেম। তিনি জানান, একটানা অবরোধে পরিবহন না থাকায় এবার হিমাগারের আলু বিক্রি করতে না পেরে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
মাহিগঞ্জের আলু ব্যবসায়ী শামীম পারভেজের ২১ হাজার বস্তা আলু বিভিন্ন হিমাগারে অবিক্রীত অবস্থায় পড়ে আছে। প্রতি বস্তা আলুর দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। এতে করে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হবে বলে জানান তিনি।