১৫ লাখ বাসিন্দার তথ্য পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ৪৯টি থানায় প্রায় সোয়া ১৫ লাখ বাড়ির মালিক ও ভাড়াটের তথ্য ইতিমধ্যে জমা পড়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ৪৯টি থানা থেকে ১৯ লাখ ৩০ হাজার ৩৪৩টি তথ্য ফরম বাড়ির মালিক ও ভাড়াটেদের বিতরণ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নগরবাসীর প্রাপ্ত তথ্য দিয়ে ডিএমপি তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরির কাজ শুরু করেছে। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করছে ডিএমপি।
ডিএমপির সূত্র বলেছে, সাম্প্রতিক সময়ে জঙ্গি বা অপরাধীরা বাসা ও মেস ভাড়া নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে বা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাড়ির মালিকদের কাছ থেকে ভাড়াটের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এতে কোনো ঘটনার রহস্য সহজে উদ্ঘাটন করা যায় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নগরবাসীর কাছ থেকে তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক মাস ধরে ডিএমপির ৪৯টি থানার বিট পুলিশের মাধ্যমে বাড়ির মালিক ও ভাড়াটেদের কাছে তথ্যছক পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, নগরের বাসিন্দা প্রায় এক কোটি। পর্যায়ক্রমে সবার তথ্য সংগ্রহ করা হবে।
কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, নগরবাসীর মধ্যে নানা বিভ্রান্তি ও হয়রানির শঙ্কা থাকায় প্রথম দিকে পুলিশকে তথ্য দিতে অনীহা ছিল। এর পক্ষে-বিপক্ষে গণমাধ্যমে বক্তব্যও আসে। পরে ফেব্রুয়ারির শেষ দিকে পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ মার্চের মধ্যে ভাড়াটে নিবন্ধন ফরম পূরণ করে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ করেন। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ফরম জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ নিয়ে হাইকোর্টে রিটও হয়। ওই রিটের রায় পুলিশের পক্ষে যাওয়ার পর থেকে তথ্য ফরম পূরণের হার বেড়েছে। ভাড়াটে নিবন্ধন ফরম পূরণে বাড়ির মালিক ও ভাড়াটেদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক হচ্ছে। এ বৈঠকের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ফরম পূরণের ভালো দিক তুলে ধরা হচ্ছে।
ডিএমপির সদর দপ্তর সূত্র বলেছে, ডিএমপির রমনা বিভাগ ওই এলাকার বাসিন্দাদের কাছে ১ লাখ ৬৫ হাজার ৩১৬টি ফরম বিতরণ করে। এর মধ্যে পূরণ করা ফরম জমা পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৬১৩টি। লালবাগ বিভাগ ১ লাখ ৫১ হাজার ৫২১টি ফরম বিতরণ করে, জমা পড়ে ১ লাখ ৫১ হাজার ৫২১টি; ওয়ারী বিভাগ ২ লাখ ৯৯ হাজার ৬৮১টি ফরম বিতরণ করে, জমা পড়ে ১ লাখ ৯৬ হাজার ৫১৮টি; মতিঝিল বিভাগ ২ লাখ ৬৬ হাজার ৬৮৮টি ফরম বিতরণ করে, জমা পড়ে ২ লাখ ৫৪ হাজার ২০৯টি; তেজগাঁও বিভাগ ১ লাখ ৬৩ হাজার ৫৮৯টি ফরম বিতরণ করে, জমা পড়ে ১ লাখ ১ হাজার ১৭৪টি; মিরপুর বিভাগ ৪ লাখ ৫৪ হাজার ১০৩টি ফরম বিতরণ করে, জমা পড়ে ৩ লাখ ৫২ হাজার ৮১৭টি; গুলশান বিভাগ ২ লাখ ২৩ হাজার ৫৫৮টি ফরম বিতরণ করে, জমা পড়ে ১ লাখ ৬৪ হাজার ২৬৩টি; উত্তরা বিভাগ ২ লাখ ৫ হাজার ৮৮৭টি ফরম বিতরণ করে, এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৬৩৭টি ফরম জমা পড়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পুলিশ কর্মকর্তারা উঠান বৈঠক করে নগরবাসীকে তথ্য দিতে উৎসাহিত করছেন। এতে ডিএমপি কমিশনার উপস্থিত থেকে মানুষের সঙ্গে খোলাখুলি কথা বলছেন। এতে মানুষের মধ্যে পুলিশভীতি দূর হচ্ছে। নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, জন্মতারিখ ও পেশা এবং আগের ভাড়া বাসার ঠিকানা দিতে হবে। এ ছাড়া বাধ্যতামূলক নয়—এমন কোনো ব্যক্তিগত তথ্য দিতে রাজি না হলে দেবেন না। পুলিশ থানা থেকে ফরম নিতে মাইকিং করছে। যাঁরা এখনো ফরম পূরণ করেননি, তাঁদের ফরম পূরণ করে জমা দিতে অনুরোধ করেন কৃষ্ণপদ রায়। তিনি বলেন, তথ্যভান্ডারের সঙ্গে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের যোগসূত্র থাকবে।