১৫ লাখ হেক্টর জমির ধানে আর্সেনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় ১৫ লাখ হেক্টর জমির ধানে ক্ষতিকারক মাত্রার আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) এক গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও পানি থেকে ক্ষতিকর মাত্রায় আর্সেনিক ধানে প্রবেশ করছে। প্রতি কেজি চালে দশমিক ১ পিপিএম মাত্রার আর্সেনিক থাকলে তা মানবদেহের জন্য ক্ষতিকারক না উল্লেখ করে ইরির গবেষকেরা জানিয়েছেন, ওই ১৫ লাখ হেক্টর জমিতে উৎপাদিত ধানে দশমিক ২ থেকে দশমিক ৪ পিপিএম মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। ‘দরিদ্র মানুষকে আর্সেনিকের ঝুঁকিমুক্ত করা’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, কলে ধান ভাঙানো ও সিদ্ধ করে রান্নার ফলে চাল থেকে আর্সেনিকের পরিমাণ ৪০ শতাংশ কমে যায়। তবে সে ক্ষেত্রে রান্না করার পর ভাতের মাড় না খেয়ে ফেলে দিতে হবে। বসা ভাত (মাড় না ফেলে শুকিয়ে ফেলা ভাত) রান্না করলে তাতে আর্সেনিক রয়ে যায়। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিআর-৪৭ জাতের ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে না উল্লেখ করে গবেষণাটিতে বলা হয়েছে, লবণাক্ত এলাকার জন্য এই জাতটি উদ্ভাবন করা হলেও তা সারা দেশে চাষ করা সম্ভব। ধানের জীবন-রহস্য (জিনোম সিকোয়েন্সিং) থেকে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। গতকাল সোমবার ব্র্যাক সেন্টারে ইরি আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক কর্মশালায় গবেষণাটির তথ্য-উপাত্ত ও সুপারিশ তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ঘানাসহ বিশ্বের ছয়টি দেশের ১০ জন বিজ্ঞানী এই কর্মশালায় অংশ নিচ্ছেন।আর্সেনিকবিষয়ক গবেষণাটির তত্ত্বাবধানকারী ইরির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, আর্সেনিকপ্রবণ এলাকার মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করে। কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) সভাপতি অধ্যাপক ইমামুল হক বলেন, পরীক্ষা করে দেখা গেছে, ডিমের মধ্যে আর্সেনিক পাওয়া যায়নি। তবে ধান আর্সেনিকমুক্ত করতে জিনপ্রযুক্তি ব্যবহার করতে হবে। ইরি বাংলাদেশের এ-দেশীয় পরিচালক জয়নাল আবেদিনের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।