১৫ লাখের নিরীক্ষা করতে লোকবল ১৪ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ বলেছেন, মহাহিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রকের কার্যালয় (ওসিএজি) থেকে সরকারি কাজে নিয়োজিত ১৫ লাখ লোকের নিরীক্ষা করা হয়। এ জন্য তাদের লোকবল আছে ১৪ হাজার। 

আজ সোম​বার ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে অনুষ্ঠিত ‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাসুদ আহমেদ এ কথা বলেন। গভর্নেন্স এডভোকেসি ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দাবি করেন, অনেক সীমাবদ্ধতার পর নমুনাভিত্তিক নিরীক্ষায় আন্তর্জাতিক মানদণ্ডে একেবারে খারাপ অবস্থায় নেই ওসিএজি। তবে তিনি স্বীকার করেন, তাঁদের এই সীমাবদ্ধতা থেকে উত্তরণ ঘটাতে হবে। নিরীক্ষা ভীতি দূর করার জন্য মানুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ওসিএজিও ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে স্থানীয় সরকারের সমস্যা ও সংকট সমাধানের জন্য একে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন সাবেক উপ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক গোলাম মুস্তফা। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি-না তা পর্যবেক্ষণের জন্য ‘কমপ্লায়েন্স’ নিরীক্ষা পরিচালিত হয়। নিরীক্ষা পদ্ধতি দীর্ঘমেয়াদি হওয়ায় সার্বিকভাবে নিরীক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। তিনি এই সমস্যা সমাধানে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এগুলো হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় করা সম্পদের বেশির ভাগ অংশ ব্যবহারের ক্ষমতা দেওয়া, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা, মন্ত্রণালয়ের মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষার ব্যবস্থা করা, ওসিএজির নিরীক্ষা পদ্ধতি আধুনিক ও শক্তিশালী করা এবং পৃথক নিরীক্ষা খাত প্রতিষ্ঠা করা, নিরীক্ষা প্রক্রিয়ায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রমে দীর্ঘসূত্রতা পরিহার করা ও কমিটির সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া, স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহতাব উদ্দিন বলেন, বর্তমানে অডিট আপত্তির বিপরীতে অনেক জবাব পাওয়া যাচ্ছে। নিরীক্ষা প্রক্রিয়া শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে ওসিএজি। তবে ওসিএজির নিরীক্ষা শক্তিশালী করতে হলে এখানে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (গভর্নেন্স) ও সভার সভাপতি ড. তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারকে তো বটেই, ওসিএজিকেও শক্তিশালী করতে হবে। এর লোকবল বাড়াতে হবে। মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের নিরীক্ষা প্রক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে স্থানীয় সরকারের ক্ষমতা ও সম্পদ এত সীমিত যে নিরীক্ষা বিষয়ে মনোযোগ কম দেওয়া হচ্ছে। ওসিএজিকে এসব সমস্যা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে হবে, সমাধানের চেষ্টা চালাতে হবে।
প্যানেল আলোচক স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের পরিচালক ওয়াহিদা হামিদ বলেন, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের অধীনে ৯ হাজার ইউনিটের বিপরীতে মাত্র ৪১৭ জন লোকবল আছে। ফলে সব ইউনিটে নিরীক্ষা পরিচালনা করা একটি দুরূহ ব্যাপার। তারপরও প্রায় ৭০ হাজার অডিট আপত্তি অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। নিরীক্ষায় ট্যাক্স-ভ্যাটের ওপর গুরুত্ব দেওয়া হয় সরকারি কোষাগারে অর্থ জোগানের জন্য। এ বছর এ খাতে বিগত বছরের তুলনায় বেশি অর্থ আদায় করা সম্ভব হয়েছে।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। সভায় আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের জিয়াউল করিম প্রমুখ।