বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। প্রজ্ঞাপন দুটির মাধ্যমে রিট আবেদনকারীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরতের নির্দেশনাও স্থগিত করা হয়েছে।
দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ের কপি পাওয়া সাপেক্ষে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা করে অর্থ ফেরতের নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
পরে রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা ও অর্থ ফেরতের নির্দেশনা দুই মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। রায়ের কপি পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে।
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের জন্য ২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর বৈধতা নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থী পৃথক ৪৬টি রিট আবেদন করে। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রিট আবেদন করা হয়।
আরও পড়ুন: