১৫ শতাংশ আয়করের প্রজ্ঞাপন অবৈধ ও অর্থ ফেরতের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে দেওয়া রায় দুই মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। পাশাপাশি ওই প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ হারে আদায় করা অর্থ রিট আবেদনকারীদের ফেরতের নির্দেশনাও এ সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা করে ও অর্থ ফেরতের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টের রায়ের কপি পাওয়া সাপেক্ষে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা করে এবং দুই প্রজ্ঞাপনের মাধ্যমে শতকরা ১৫ ভাগ হারে রিট আবেদনকারী যেসব প্রতিষ্ঠান থেকে আয়কর বাবদ অর্থ আদায় করা তা ফেরত দিতে সরকার ও এনবিআরকে নির্দেশ দিয়ে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দিয়েছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা ও অর্থ ফেরতের নির্দেশনা দুই মাসের জন্য স্থগিত করেছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে তাঁরা নিয়মিত লিভ টু আপিল করবেন।