ইউপির রাজস্ব আদায়-সংক্রান্ত কৌশলপত্র
১৫ শতাংশ কমিশনের ভিত্তিতে কর সংগ্রহকারী নিয়োগের সুপারিশ
সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশনের ভিত্তিতে কর সংগ্রহকারী নিয়োগ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) কর আদায়ের সুপারিশ করা হয়েছে ইউপির রাজস্ব আদায়-সংক্রান্ত কৌশলপত্রে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপির রাজস্ব সংগ্রহের পাইলটিং-বিষয়ক জাতীয় কর্মশালায় এই কৌশলপত্র উপস্থাপন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় এ কৌশলপত্র উপস্থাপন করেন। ৫১টি ইউনিয়ন পরিষদে জরিপ চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে তিনি কৌশলপত্র প্রণয়ন করেন।কীভাবে ইউপির রাজস্ব আয় বাড়ানো যায়, কৌশলপত্রে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। কৌশলপত্রে বলা হয়, অংশগ্রহণমূলক কর মূল্যায়ন, স্বনির্ধারণী কর মূল্যায়ন ও সভার মাধ্যমে কর ধার্য করতে হবে। করদাতাদের জন্য পাসবই প্রদান এবং যাঁরা কর দেবেন না, তাঁদের নামের তালিকা ইউপির নোটিশ বোর্ডসহ হাটেবাজারে প্রকাশ করতে হবে।কৌশলপত্রে কর আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশনের ভিত্তিতে এবং আগের বছরের অনাদায়ী করের ৭৫ শতাংশ কমিশনের ভিত্তিতে কর সংগ্রহকারী নিয়োগের কথা বলা হয়েছে। কর আদায়কারীরা যাতে কোনো ধরনের প্রতারণা করতে না পারেন, সে জন্য ইউপি চেয়ারম্যান ও সচিবকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক স্বপন কুমার সরকার স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় পরিচালিত ৩০টি ইউপির বিভিন্ন জরিপের তথ্য উপস্থাপন করেন। জরিপ অনুযায়ী ৪০ শতাংশ স্থানীয় বাসিন্দার মতে, কর সংগ্রহকারীরা করদাতার কাছে যান না, তাই কর আদায় হয় না। ৫৩ ভাগ বাসিন্দার মতে, জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব।ইউপির ক্ষমতা বাড়ানো হবে: দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, আগামী ইউপি নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত করে ইউনিয়ন পরিষদের ক্ষমতা আরও বাড়ানো হবে। স্থানীয় সরকার না থাকলে কেন্দ্রীয় সরকার ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার-এর মতো হয়ে যায়। তাই সরকার ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করতে চায়। জাহাঙ্গীর কবির বলেন, সরকার গ্রাম সংগঠন তৈরির পরিকল্পনা নিয়েছে। এতে গ্রামের সৎ মানুষদের দায়িত্ব দেওয়া হবে। গ্রাম সংগঠনের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে মিনি পার্লামেন্টে পরিণত করা হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, ইউপির নিজস্ব উৎস থেকে রাজস্ব আহরণের সুযোগ রয়েছে। বিষয়টি করের ক্ষেত্র চিহ্নিতকরণ, কর নির্ধারণ ও কর আদায়ের ওপর নির্ভরশীল। যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজস্ব আয়ের পরিমাণ অনেকাংশে বাড়ানো সম্ভব।স্থানীয় সরকার বিভাগের সচিব মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অশোক মাধব রায় ও ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রেসনার। কর্মশালায় (এলজিএসপি) প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা অংশ নেন।