১৫ শতাংশ মানুষ সংবাদপত্র পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, দেশের ১৫ দশমিক ২৫ শতাংশ মানুষ সংবাদপত্র পড়ে। পাঠকের মধ্যে গ্রাম এলাকায় ১২ দশমিক ৭৪ ও শহরে ২৫ দশমিক ৮০ শতাংশ। আর সাত বছরের বেশি বয়সীদের মধ্যে শিক্ষার হার ৫৬ দশমিক ০৯ শতাংশ।বিবিএসের আর্থসামাজিক ও জনমিতি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিবিএসের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের সংবাদপত্র পড়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে। জাতীয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ১ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে শহরের ৩ দশমিক ৮৮ শতাংশ এবং গ্রামের শূন্য দশমিক ৪৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।সর্বশেষ এই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮৯ দশমিক ১ শতাংশ মানুষ খাবার পানির উৎস হিসেবে নলকূপ ও গভীর নলকূপ ব্যবহার করে। ২০০৪ সালে এই হার ছিল ৫০ দশমিক ৯৭ শতাংশ। আর স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ। দেশের ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবিএস বলেছে, আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর ধারাবাহিকতায় আর্থসামাজিক ও জনমিতি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১১ সালের ১৫-১৯ মার্চ আদমশুমারির তথ্য সংগ্রহ করা হয়। গতবছর ১৬ জুলাই শুমারির প্রাথমিক ফলাফল ও চলতি বছর ১৬ জুলাই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আর্থসামাজিক তথ্যের জন্য এক লাখ ৬৮ হাজার খানার তথ্য সংগ্রহ করা হয় গত বছর ১৫-২৫ অক্টোবর। গতকাল আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্পের পরিচালক অসীম কুমার দে প্রতিবেদনের মূল বিষয় উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে স্থূল জন্মহার ১৭ দশমিক ৮৮ ও স্থূল মৃত্যুহার ৪ দশমিক ৮। জন্ম ও মৃত্যুহার অতীতের চেয়ে কম। বিবিএস বলছে, দেশে মোট প্রজনন হার (টিএফআর) এখন ২ দশমিক ১০। এটা অতীতের চেয়ে অনেক কম। এই হার জনসংখ্যার প্রতিস্থাপন পর্যায় নির্দেশ করে।শুমারির কাজে বিবিএসকে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএআইডি, ইউএনএফপিএ এবং যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো। গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির উপস্থিত ছিলেন। বিবিএস বলছে, স্বাস্থ্য খাতে সরকারের উল্লেখযোগ্য সাফল্যের ফলে শিশু ও মাতৃমৃত্যু কমেছে। জাতীয় পর্যায়ে শিশু মৃত্যুহার ৩৭ দশমিক ৩ এবং মাতৃ মৃত্যুহার ২ দশমিক ১৮। বর্তমানে দেশে অভ্যন্তরীণ স্থানান্তরের হার ৯ দশমিক ৭ এবং আন্তর্জাতিক স্থানান্তরের হার ৩ দশমিক ৪৬।