দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় অবস্থান ধর্মঘট ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে হুমকি দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই বিশ্ববিদ্যালয়ের শাস্তি পাওয়া ১০ জন শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিজনেজ অনুষদের লেভেল ৩-এর শিক্ষার্থী রাজেশ বিশ্বাস। তিনি জানান, অবিলম্বে শাস্তি প্রত্যাহার করা না হলে আজ মঙ্গলবার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করা হবে। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থানে আরেকটি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা। লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাহরিয়ার হোসেন। তিনি বলেন, অনুষদের পাঁচজন শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। ১৬ মে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ক্যাম্পাসের বাগানের গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বিশ্বদ্যািলয় থেকে বহিষ্কার ও জরিমানা করেছে কর্তৃপক্ষ। গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ে আইটি উৎসবকে পণ্ড করার ষড়যন্ত্র, একাডেমিক ভবনে তালা দেওয়া ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের পাঁচজন ছাত্র কে মাস্টার্সে পড়ার সুযোগ থেকে বঞ্চিত ও বৃত্তি কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।