গাজীপুরে টঙ্গীর গাজীপুরায় অবস্থিত স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেডে ভাঙচুরের ঘটনায় ১৫ পোশাকশ্রমিককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৫ জনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছে মালিকপক্ষ।গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে মো. মামুন, মো. হযরত, রুমা আক্তার, মো. মাসুদসহ ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে বলা হয়। তাঁদের বিরুদ্ধে গত বুধবার কারখানায় ভাঙচুরে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।সূত্র জানায়, কারখানার ভেতরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা চিত্র বিশ্লেষণ করে ওই ১৫ জন শ্রমিককে শনাক্ত করা হয়। এ ছাড়া কারখানায় অরাজকতা সৃষ্টির অভিযোগে আরও ২৫ জন শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে।মামলার আসামি একাধিক শ্রমিক প্রথম আলোকে জানান, ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন হয়েছে। এখন অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক আর শিশারদি বলেন, ‘শ্রমিকেরা যাতে অন্যায়ভাবে শাস্তি না পান, এ বিষয়টি লক্ষ রাখা হচ্ছে।’গাজীপুর শিল্প পুলিশের এএসপি দেওয়ান লালন আহমেদ বলেন, ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।