১৫ সাংবাদিক লাঞ্ছিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রায় ১৫ জন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে সমাজকর্ম বিভাগের রাসেল খান নামের ছাত্রদলের এক কর্মীকে শিবির সন্দেহে প্রক্টরের দপ্তরে নিয়ে যান ছাত্রলীগের কর্মীরা। অস্বীকার করলে প্রক্টর অশোক কুমার সাহার সামনেই রাসেলকে লাঠি দিয়ে বেদম মারধর করেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। পরে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিবেদকেরা ঘটনার তথ্য সংগ্রহ করতে যান। এ সময় রাসেলকে মারধর না করে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিলে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের দিকে তেড়ে আসেন ছাত্রলীগের কর্মীরা। পরে সুজাউলের সঙ্গে থাকা সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিবেদক মাহবুব মমতাজী ও বাংলানিউজের ইমরান আহমেদসহ প্রায় ১৫ জন সাংবাদিককে লাঞ্ছিত করে প্রক্টরের কার্যালয় থেকে বের করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ঘটনার বিচার চাইতে বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্য মীজানুর রহমানের দপ্তরে যান সাংবাদিকেরা। এ সময় উপাচার্যের কার্যালয়ের মিলনায়তনে অপেক্ষারত সাংবাদিকদের ওপর আবারও চড়াও হন ছাত্রলীগের সভাপতি ও তাঁর পক্ষের কর্মীরা। তাঁরা কয়েকজন সাংবাদিককে চড়-থাপড় মারেন ও হত্যার হুমকি দেন। পরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির ও সহকারী প্রক্টর নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে রফিক ভবনের সামনে সমাবেশ করে ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হাত-পায়ের রগ কেটে দিয়েছে শিবির। তাই শিবিরের পক্ষে যারা কথা বলে তাদেরও রগ কাটবে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে এমন নির্দেশ রয়েছে।’
তবে রাসেল খানকে নিজের দলের কর্মী বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক।