১৫ হাজার টাকায় ধর্ষণের দায়মুক্তির চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়মুক্তি ‘মূল্য’ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। এর আগে প্রেমের ফাঁদে ফেলে এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধের জন্য ধরা হয়েছিল ৩০ হাজার টাকা।
অভিযোগ আছে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রফিক মিয়া (২৫) নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেন। আর ফেসবুকে ছড়িয়ে দেন মেয়েটির কথিত প্রেমিক একই গ্রামের তাজুল ইসলাম নামে আরেক যুবক। রফিক সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলামের আপন ছোট ভাই। আর তাজুল তাঁর চাচাতো ভাই। মামলায় বাধা সৃষ্টি করে অর্থের বিনিময়ে দুটি ঘটনা সুরাহা করার চেষ্টা করেন নজরুল। পরে অবশ্য দুটি ঘটনায় মামলা হয়। শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রফিক মিয়াকে গত বুধবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, ৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের সড়ক থেকে শিশুটিকে তুলে নেন রফিক। একটি কক্ষে সারা রাত আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরেই চাচির কাছে পুরো ঘটনা খুলে বলে মেয়েটি। মামলার প্রস্তুতির কথা জেনে নজরুল বাধার সৃষ্টি করেন। গত সোমবার সকালে স্থানীয় ডুমরাকান্দা বাজারের তোতা মিয়া মেম্বারের একটি পাটের গুদামে শিশুটির বাবাকে ডেকে আনেন নজরুল।
শিশুটির বাবা বলেন, ‘নজরুল আমারে কোনো কিছু কওয়ার সুযোগ দেই নাই। হাত টাইনা নিয়া কয়, এই লও ১৫ হাজার টেহা। ক্ষতিপূরণ।’ শিশুটির বাবা সবার সামনে টাকা ফেলে দিয়ে বাড়ি চলে যান। সিদ্ধান্ত নেন রক্তচক্ষুকে ভয় না পেয়ে মামলা করার। গত মঙ্গলবার রফিককে প্রধান আসামি করে মামলা করেন তিনি। নজরুলসহ চার সালিসকারীর বিরুদ্ধে মামলায় বাধা ও ধর্ষণের ঘটনা টাকা দিয়ে নিষ্পত্তির চেষ্টার অভিযোগ আনা হয়। এর আগে প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তাজুল ইসলাম। গত ৯ সেপ্টেম্বর দুপুরে মেয়েটিকে ডুমরাকান্দা বাজারের তৃতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে মেলামেশার দৃশ্য তাজুল নিজে মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন। তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হলে ওই দৃশ্য তিনি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনাটিও টাকার বিনিময়ে শেষ করতে নজরুল উঠেপড়ে লাগেন। একপর্যায়ে অপরাধের জন্য ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। টাকা দিয়ে ঘটনা নিষ্পত্তির চেষ্টার কথা জেনে মেয়েটি থানায় মামলা করে। তাজুল বর্তমানে পলাতক।
অভিযোগ বিষয়ে নজরুল ইসলাম বলেন, সমস্যার বিপরীতে সমাধান আছে। সমাধানের চেষ্টা করেছিলাম মাত্র। তবে দুটির কোনোটিই টাকা দিয়ে সমাধানের চেষ্টার কথা অস্বীকার করেন তিনি।