১৫ হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও ধরপাকড় চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতারা জানিয়েছেন, গত তিন দিনে তাঁদের ১১ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।বিএনপির নেতাদের দাবি, তল্লাশি ও গ্রেপ্তার-আতঙ্কে তাঁদের ১৫ হাজার নেতা-কর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া মহাসমাবেশের জন্য বিএনপির নেতা-কর্মীদের কোনো বাস ভাড়া না দিতে মালিকদের পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজনকে চাপ দেওয়া হচ্ছে। ফলে ১২ মার্চের জন্য বাস ভাড়া দিতে রাজি হচ্ছেন না মালিকেরা। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, গতকাল শনিবার সোনারগাঁ পৌরসভা যুবদলের নেতা মাসুম মোল্লাকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিনি ও তাঁর দলের অধিকাংশ নেতা-কর্মী তিন দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন।মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর কোনো সরকার বিরোধী দলের ওপর এমন অত্যাচার ও নির্যাতন চালায়নি। তবে হেঁটে হলেও সোনারগাঁ বিএনপির নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগ দেবেন।উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, নেতা-কর্মীরা ঢাকায় যেতে বাস ভাড়া পর্যন্ত করতে পারছেন না। সরকারি দলের সমর্থকদের চাপে বাসমালিকেরা বাস ভাড়া দিতে রাজি হচ্ছেন না।