১৫ হাজার মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলগাজী সেতু ভেঙে যাওয়ায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের দুই অংশের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে l প্রথম আলো
ফুলগাজী সেতু ভেঙে যাওয়ায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের দুই অংশের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে l প্রথম আলো

সিডরে ক্ষতিগ্রস্ত ফুলগাজী সেতুটি সম্প্রতি খালের মধ্যে ভেঙে পড়ায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের দুই অংশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ছাত্র, শিক্ষক, কৃষকসহ এলাকার প্রায় ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাঁরা ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ সূত্র ও কমপক্ষে ৫০ জন গ্রামবাসী জানান, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন দুই অংশে বিভক্ত। পশ্চিম অংশে চরগাজী ও চরহোসেন মৌজা, পূর্ব অংশে চরচন্দ্রপ্রসাদ। পশ্চিমের বসতি কম হলেও কয়েক হাজার একর জমিতে প্রতিবছর ধান, তরমুজ, বাদাম, ডাল, সবজিসহ কয়েক কোটি টাকার ফসল উৎপন্ন হয়। কৃষকেরা নৌকা-ট্রলারে এসব পণ্য ভোলা শহরে নিয়ে বিক্রি করতেন। ২০০১ সালে এলজিইডি ৩২ লাখ ২০ হাজার টাকায় চরগাজী-ভোলা সড়কে ফুলগাজী খালের ওপর স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে পুল নির্মাণ প্রকল্পের আওতায় লোহার পাতের ওপর ৯২ মিটারের একটি সেতু নির্মাণ করে। সেতু নির্মাণ শেষে চরগাজীর কৃষকের ফসল দ্রুত ভোলা শহরে বিক্রির সুযোগ সৃষ্টি হয়।
ছাত্রছাত্রী ও চাকরিজীবীরা ওই সেতু দিয়ে চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ভেলুমিয়া আইডিয়াল কলেজে, ব্যাংকেরহাট কলেজ, ভোলা সরকারি কলেজ ও কর্মস্থলে গাড়িতে যাওয়া শুরু করেন। ২০০৭ সালের সিডরে সেতুটি খালের মধ্যে হেলে পড়ায় এর ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবশেষ গত ২৬ আগস্ট রাতে সেতুর মাঝের অংশের ৮০ মিটার খালের মধ্যে ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউনিয়নের দুই অংশ।
গত শনিবার সরেজমিন দেখা যায়, চরগাজীর ছাত্র, শিক্ষক, পেশাজীবী, কৃষকসহ সাধারণ মানুষ নৌকায় করে পার হচ্ছেন। ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নার্গিস, সোহেল, আকবর হোসেন, রাবেয়া বেগমসহ কয়েকজন জানায়, বিনা টাকায় শিক্ষার্থীদের পারাপারের কথা থাকলেও তা হচ্ছে না। টাকা ছাড়া পার হতে গেলে ঘণ্টা খানেক অপেক্ষা করতে হয়।
ভেলুমিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ও চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম গোলদার জানান, সেতু ভেঙে পড়ার পর থেকে চরগাজীর শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মাল বলেন, ‘ফুলগাজী সেতু ভাঙার পর দ্রুত নৌকার ব্যবস্থা করেছি। তার পরও চরগাজীর ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সেতুটি দ্রুত নির্মাণ হওয়া প্রয়োজন। সেতুটি দ্রুত নির্মাণের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অনুরোধ করেছি।’
ভোলা এলজিইডির জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম জানান, ফুলগাজী সেতু নতুন করে নির্মাণের জন্য কমপক্ষে চার কোটি টাকা দরকার। সিডরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে প্রকল্প নকশার কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রকল্প পাস না হওয়ায় দরপত্র আহ্বান করা যাচ্ছে না।