১৫ হাজার লোকের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দুটি রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এতে পরকোট, হোসেনপুর, দৌলতপুর, উত্তর রামদেবপুর, দক্ষিণ রামদেবপুর, বাইশসিন্দুর ও পশ্চিম বদলকোট গ্রামের সহস্রাধিক শিক্ষার্থীসহ ১৫ হাজার লোক যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, পরকোট ইউনিয়নের ওপর দিয়ে সড়ক ও জনপথের মহাসড়ক থাকায় ইউনিয়নটি উত্তর-দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দুই যুগেও উত্তর পাশের কোনো চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় উত্তর এলাকা সম্পূর্ণরূপে অবহেলিত হয়ে পড়ে। ফলে উত্তর পাশের রাস্তাঘাট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে এরশাদ ঠিকাদারের বাড়ি থেকে মধ্য পরকোট মুন্সি রাস্তা সংযোগের তিন কিলোমিটার এবং বিএসআর সড়ক-সরুবাড়ী পূর্ব পরকোট সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।পরকোট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাওহিদুল ইসলাম জানান, বিগত দিনের নির্বাচিত চেয়ারম্যান আঞ্চলিকতায় ঈর্ষান্বিত হয়ে ইউনিয়নের উত্তর অংশে কোনো কাজই করেননি। ফলে রাস্তাগুলোর এ দুরবস্থা দেখা দিয়েছে। রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সাংসদের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাটখিল অফিসের উপসহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম রাস্তাগুলোর দুরবস্থার কথা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় রাস্তাগুলো মেরামত করা যাচ্ছে না।