১৫ হাজার স্কাউট অংশ নিচ্ছে এ মিলনমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিন বদলে স্কাউটিং’ প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর জেলার মৌচাকে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাম্বুরির উদ্বোধন করবেন। জাম্বুরি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। স্কাউটদের এ মিলনমেলায় এ বছর দেশ-বিদেশের ১৫ হাজার স্কাউট ও স্কাউটার অংশ নেবেন।জাম্বুরি উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় স্কাউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জাম্বুরির উদ্দেশ্য ও ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, অষ্টম জাতীয় জাম্বুরির বাজেট ধরা হয়েছে এক কোটি টাকা। মোট এক হাজার ১৫০টি ইউনিট এ জাম্বুরিতে অংশ নিচ্ছে। এ ছাড়া ভারত ও নেপালের ১৫০ জন স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছে।ভাওয়াল পরগনায় গজারি বনঘেরা অঞ্চলে স্কাউটরা আনন্দদায়ক ও শিক্ষামূলক ১৪টি চ্যালেঞ্জে অংশ নেবে। সেখানে অবস্থানের জন্য স্কাউট ইউনিটগুলোকে পাঁচটি ভিলেজে ১৫টি সাব-ক্যাম্পে ভাগ করা হয়েছে। এ ছাড়া গার্ল-ইন-স্কাউটদের জন্য নির্ধারিত একটি ক্যাম্প থাকবে। বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেওয়ার পাশাপাশি স্কাউটরা স্থানীয় মানুষের সঙ্গে সমাজ উন্নয়নমূলক ও স্বাস্থ্যবিষয়ক কর্মকাণ্ডে অংশ নেবে। এবারই প্রথম জাম্বুরিতে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ আবুল কালাম আজাদ বলেন, জাম্বুরির মাধ্যমে ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা আনন্দের মাধ্যমে শিক্ষা অর্জন করবে। বিশেষ করে তাদের চরিত্র গঠনে জাম্বুরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাম্বুরিতে বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার মাধ্যমে স্কাউটদের গুণগত মান বাড়ানোর দিকে জোর দেওয়া হবে।বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. মোমতাজুল ইসলাম বলেন, ‘মূল্যবোধের অবক্ষয়ের এ সময়ে পরিবর্তনের ক্ষেত্রে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশে স্কাউটের সংখ্যা মাত্র ১০ লাখের মতো। ২০১৩ সালের মধ্যে আমরা একে ১৫ লাখে নিয়ে যেতে চাই।’জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান বলেন, অংশ নেওয়া স্কাউটরা বাছাইয়ের মাধ্যমে জাম্বুরিতে অংশ নিচ্ছে। এ বছর গুণগত মানের দিকে জোর দেওয়া হয়েছে। স্কাউটরা যেন নিরাপদে অবস্থান করতে পারে, শীতে ও যানবাহনে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা হয়েছে। তিনি বলেন, আয়োজন, গুণ ও মানের দিক থেকে এটাই সবচেয়ে বড় জাম্বুরি।এবারের জাম্বুরিতে মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, রেডিও এবিসি, প্রাণ গ্রুপ এবং সহযোগিতায় থাকছে প্রথম আলো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মেজবাহ উদ্দিন ভূঁইয়া।