১৫ হাজার হেক্টর বোরো ফসল নিয়ে কৃষক আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় কৃষকেরা হাওরের ১৫ হাজার হেক্টর বোরো ফসল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।গত দুই দিনের অব্যাহত বর্ষণে নলুয়ার ও মইয়ার হাওরের ফসল রক্ষা কয়েকটি বাঁধে ফাটল দেখা দিলে হাওরের ফসল নিয়ে কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েন। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা এবার নলুয়ার হাওরে ২২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে। অধিকাংশ বাঁধে বালুমাটি ব্যবহার করায় কয়েক দিনের বৃষ্টিতে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নলুয়ার হাওরপাড়ের বেতাউকা গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া বলেন, এবার ফসল রক্ষা বেড়িবাঁধে বালুমাটি ব্যবহার করায় সামান্য বৃষ্টিতে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে।ভুরাখালী গ্রামের বাসিন্দা কৃষক নেতা সিদ্দিকুর রহমান বলেন, দায়সারা বাঁধ নির্মাণের ফলে কৃষকেরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তবে কৃষকেরা নিজ উদ্যোগে বাঁধরক্ষায় স্বেচ্চাশ্রমে কাজ করছেন। জরুরিভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোতে বস্তা ও বাঁশ দিয়ে বেরা না দিলে ফসল রক্ষা সম্ভব হবে না। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ‘পাউবো এখন পর্যন্ত বস্তা ও বাঁশের ব্যবস্থা করে না দেওয়ায় আমরা সমস্যায় আছি।’ তিনি শক্ত মাটি না পাওয়ায় কিছু কিছু বাঁধে বালুমাটি ব্যবহারের কথা স্বীকার করেন।পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ-প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, ‘বৃষ্টির কারণে কিছু বাঁধে সমস্যা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বাঁধগুলোতে সংস্কার করার জন্য পিআইসিকে নির্দেশ দিয়েছি। বস্তার জন্য গতকাল দরপত্র আহ্বান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলায় এক লাখ ৬৫ হাজার টাকার বস্তা ও বাঁশ ক্রয় করে বেড়িবাঁধে দেওয়া হবে।’