১৫-১৭ বছর বয়সীদের নিবন্ধন নিয়ে উদ্বেগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদে ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের নাম নিবন্ধন করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, বেআইনিভাবে ১৫-১৭ বছর বয়সী নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধন করার যে উদ্যোগ নিয়েছে, তাতে এ কমিশনের একটি ‘বদমতলব’ রয়েছে।
গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন দলের এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, এ উদ্যোগের পেছনে ভবিষ্যতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে জালিয়াতি করার একটি নীলনকশা থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
আসাদুজ্জামান বলেন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমের নিরীক্ষা অনুযায়ী, ২০০৮ সালে ৮ কোটি ১০ লাখ ৫৮ ভোটার ছিল। তখন পুরুষের চেয়ে নারী ভোটার ১৪ লাখ ১৩ হাজার ৬০০ জন বেশি ছিল। কিন্তু এরপর প্রতিবার ভোটার তথ্য হালনাগাদ করতে গিয়ে নারী ভোটারের সংখ্যা ক্রমে কমছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনের একটি রুটিনকাজ হলেও বর্তমান কমিশন ভোটার তথ্য হালনাগাদের কাজটি অতীতেও সুষ্ঠুভাবে করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
নির্বাচন কমিশনকে ‘আজ্ঞাবহ’ ও ‘দুষ্টের শিরোমণি’ আখ্যা দিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘অনতিবিলম্বে এই ব্যর্থ প্রধান নির্বাচন কমিশনার ও তার সহযোগী কমিশনাররা সংবিধান বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত থাকায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’ ।