সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরনিয়ন্ত্রিত ছাত্রাবাসের ১৫টি কক্ষ ভাঙচুর করে শিবিরের হামলার ‘শোধ’ নিয়েছে ছাত্রলীগ। শিবিরের হামলায় আহত ছাত্রলীগের নেতা সৈকত চন্দ্র সুস্থ হয়ে গতকাল শনিবার প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ফেরায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। মিছিল শেষে ছাত্রাবাসে হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর পলিটেকনিকের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সৈকত চন্দ্র। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। ছাত্রলীগের পক্ষ থেকে শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে বলে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে ছাত্রলীগের নেতা সৈকত গতকাল দুপুরে প্রথম ক্যাম্পাসে গেলে তাঁকে নিয়ে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। মিছিলে মহানগর ও জেলা ছাত্রলীগের নেতারাও ছিলেন। বেলা একটার দিকে ওই মিছিল থেকে পলিটেকনিকের সুরমা ও প্রতিভা ছাত্রাবাসের ১৫টি কক্ষ ভাঙচুর করা হয়। এর মধ্যে প্রতিভা ছাত্রাবাসের এ-ব্লকের ১০টি তালাবদ্ধ কক্ষের তালা ভেঙে ভাঙচুর হয়। এসব কক্ষে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা থাকতেন বলে ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা গেছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে মিছিলে থাকা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশের দাবি, ছাত্রলীগের আহত নেতা সৈকত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরায় আনন্দ মিছিল হয়। মিছিল চলাকালে ক্ষুব্ধ সাধারণ ছাত্রদের একটি পক্ষ শিবিরনিয়ন্ত্রিত কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত প্রথম আলোকে বলেন, মিছিল চলাকালে ছাত্রাবাসে হামলা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করায় পুলিশ তাদের শনাক্ত করতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু জানান, ঘটনাটি তদন্ত করে দেখতে ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দপ্তরকে বলা হয়েছে।