১৫টি খাতার মূল্যায়ন নয় মাসেও হয়নি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অধীন উর্দু বিষয়ের তৃতীয় বর্ষের একটি কোর্সের ১৫টি খাতার মূল্যায়ন নয় মাসেও শেষ হয়নি। এ কারণে এখনো প্রকাশ করা যায়নি ওই বর্ষের ফলাফল।বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু তিন মাসের ফলাফল নয় মাসেও না পেয়ে উর্দু বিষয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ভাষা বিভাগ সূত্রে জানা গেছে, উর্দু বিষয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ সেপ্টেম্বর। পরীক্ষা শেষ হয় ওই বছরের অক্টোবর মাসের শেষের দিকে। ওই বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক হোছাইন আহমদ কামালী। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতির গাফিলতির কারণে মাত্র ১৫ জন শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করতে ইতিমধ্যে নয় মাস সময় পার হয়ে গেছে। পরীক্ষা কমিটির সভাপতি হোছাইন আহমদ কামালী বলেন, ওই পরীক্ষার খাতাগুলো বাইরের পরীক্ষক দিয়ে মূল্যায়নের অংশ হিসেবে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে খাতাগুলো না আসায় ফল প্রকাশ করা যায়নি। এ ক্ষেত্রে তিনি কোনো ধরনের অবহেলা বা গাফিলতি করেননি। নাম প্রকাশে উর্দু বিষয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য পরীক্ষা কমিটির সভাপতির কাছে বারবার আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট (ভলিউম-২)-এর ৮১ নম্বর পৃষ্ঠার ১-এর (গ) ধারায় এবং ১৯৮৯ সালের শিক্ষা পরিষদের ১৭১তম সভার ১১ নম্বর সিদ্ধান্তে উল্লেখ আছে, ‘প্রতিটি বিভাগকে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।’ভাষা বিভাগের সভাপতি কামাল উদ্দিন বলেন, তিনি এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন।