১৫টি গাড়ি নিয়ে মেঘনায় ডুবোচরে ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫টি গাড়ি এবং ঈদে ঘরমুখো সহস্রাধিক যাত্রী নিয়ে গতকাল শুক্রবার ভোর ছয়টায় ভোলার মেঘনা নদীর ডুবোচরে কনকচাঁপা নামক একটি ফেরি আটকে যায়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফেরিটি উদ্ধার হয়নি।
ফেরি কর্তৃপক্ষ বলছে, ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট ঘাট থেকে ফেরি কনকচাঁপা ১৫টি গাড়ি ও সহস্রাধিক যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। সকাল ছয়টার দিকে মেঘনা নদীতে ভোলা সদর উপজেলার গাজীপুরার চর এলাকার কাছে মেহেরবয়া বাতির পাশ দিয়ে আসার সময় ফেরিটি চরে আটকে যায়। দিন শেষে যাত্রীরা ট্রলারে করে গন্তব্যে পৌঁছালেও গাড়ি ও গাড়ির চালকেরা ফেরিতেই আছেন।
যোগাযোগ করা হলে ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ডুবে যাওয়া, ভেসে যাওয়া বা ডুবোচরে আটকে পড়া ফেরি তাৎক্ষণিকভাবে উদ্ধারের কোনো ব্যবস্থা ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নেই। ভাটায় আটকে থাকা ফেরি উদ্ধারের জন্য জোয়ারের অপেক্ষা করতে হয়। আর জোয়ারে আটকে যাওয়া ফেরি উদ্ধারের জন্য পরবর্তী জোয়ারের অপেক্ষা করতে হয়। জোয়ারের সময় উদ্ধার না হলে কিষাণী নামক আরেকটি ফেরিতে বেঁধে টানাটানি করে ফেরি উদ্ধার করতে হবে। তাতেও ব্যর্থ হলে ফেরি উদ্ধারকারী জাহাজ টাগকে খবর দিতে হয়। ইতিমধ্যে টাগকে খবর দেওয়া হয়েছে।
গত ২৬ আগস্ট ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি-নিয়ন্ত্রণকারী সুকান ভেঙে কিষাণী ফেরি জোয়ারে ভেসে যায়। ১০ ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়েছিল।