কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে গতকাল সোমবার বিকেলে আগুনে ১৫টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে শারমিন আক্তার (৫) নামের এক শিশু।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কোলদিয়াড় গ্রামের শাহীনুর রহমানের বাড়ির রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসার আগেই শাহীনুর, মলা মালিথা, আবদুল কুদ্দুস, আবদুস সালাম, লালমন খামারু, শফিউল ইসলাম ও কোকিল খামারুলের বাড়ির ১৫টি ঘর ভস্মীভূত হয়। শাহীনুরের ঘরের মধ্যে আটকা পড়া তাঁর শিশুকন্যা শারমিন আক্তার দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তার দগ্ধ লাশ উদ্ধার করেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিন্নাত আলী বলেন, রান্নাঘরের চুলা না বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। বাড়িগুলো পাটকাঠির বেড়া ও টিনের চালা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।