১৫টি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এসব জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী পাঠ নিচ্ছে। এগুলো দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আমরবুনিয়া বেসরকারি, দক্ষিণ বকসির ঘটিচোরা বেসরকারি, দক্ষিণ গিলাবাদ সরকারি, কুমিরমারা বেসরকারি, মঠবাড়িয়া দক্ষিণ বন্দর বেসরকারি, উত্তর-পূর্ব মিঠাখালী বেসরকারি, মধ্য আমড়াগাছিয়া বেসরকারি, ভোলমারা সরকারি, ছোট শৌলা বেসরকারি, দক্ষিণ বাঁশবুনিয়া বেসরকারি, উত্তর-পশ্চিম মিরুখালী বেসরকারি, পাঁচশতকুড়া বেসরকারি, দক্ষিণ বুখাইতলা বেসরকারি, উত্তর মানিকখালী বেসরকারি ও উত্তর ভেজকী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এসব বিদ্যালয়ের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, নব্বই দশকের শুরুতে বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ করা হয়। ২০-২৫ বছরেও সংস্কার না করায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের ছাদের ভিম ও দেয়াল ফেটে গেছে এবং ছাদের পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলে কয়েকটি বিদ্যালয়ের ছাদ চুইয়ে পানি পড়ে।পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম বলে, ‘গত ১৮ জুলাই বিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে আমাদের ক্লাসের চারজন শিক্ষার্থী আহত হয়। এরপর ভয়ে ওই কক্ষে কেউ আর ক্লাস করতে চাইছে না। তাই শিক্ষকেরা আমাদের বারান্দায় বসিয়ে ক্লাস নিচ্ছেন।’দক্ষিণ গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক স্বর্ণকার জানান, তাঁর বিদ্যালয়ের ভবনের ছাদের ভিম ফেটে রড বেরিয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে পড়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, জরুরি সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য জরাজীর্ণ ১৫টি বিদ্যালয়ের তালিকা করা হয়েছে। এ ছাড়া আরও ১০-১২টি বিদ্যালয়ের ভবনের অবস্থাও নাজুক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘গত ২৭ জুলাই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য বাজেট বরাদ্দ পাওয়ার পর বিদ্যালয়গুলোর ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।’