১৫তম নৌ স্কাউট লিডার অ্যাডভান্স কোর্স সম্পন্ন
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১৫তম নৌ স্কাউট লিডার অ্যাডভান্স কোর্স গত বৃহস্পতিবার খুলনা বানৌজা তিতুমীরে শেষ হয়েছে। এতে সার্বিক ব্যস্থাপনা করেন খুলনা জেলা নৌ স্কাউটেরা।সহকারী নৌবাহিনীপ্রধান (অপারশেন্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের সনদ দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্নকারী লিডারদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে অধিক সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এর আগে প্রধান অতিথি খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারের অফিস প্রাঙ্গণে নৌ অঞ্চলের বৃক্ষরোপণ আন্দোলন ২০১০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সাত দিনব্যাপী আয়োজিত দুটি কোর্সে বিভিন্ন জেলা নৌ স্কাউট থেকে আসা ৮২ জন শিক্ষার্থী ও ২০ জন প্রশিক্ষক অংশ নেন। এ কোর্স সম্পন্নের মাধ্যমে স্কাউট লিডাররা বিভিন্ন স্কুল-কলেজে স্কাউট আন্দোলন সম্প্রসারণ ও দল পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা যায়। আইএসপিআর।