১৫০ আনসার সদস্যের ঈদ বোনাস অনিশ্চিত
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জেলার ১২ থানার আনসার (অঙ্গীভূত) সদস্যরা গত ঈদে বোনাস পাননি। আসন্ন ঈদের বোনাস নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে এবারও বিপাকে পড়েছেন আনসার সদস্যরা।
চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, ভৈরব, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, কুলাউড়া ও চট্টগ্রাম রেলওয়ে থানা নিয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জেলা। ওই থানাগুলোতে ১৫০ জন আনসার সদস্য কর্মরত আছেন। ট্রেন, প্ল্যাটফর্ম ও থানার নিরাপত্তায় তাঁরা রেলওয়ে পুলিশের সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করেন। একজন প্লাটুন কমান্ডার (পিসি) মহার্ঘ ভাতাসহ বেতন পান নয় হাজার ২৫৪ টাকা। সদস্যরা পান আট হাজার ৭৫৪ টাকা। প্রতি ঈদে পিসির পাঁচ হাজার ৫০০ ও সদস্যদের পাঁচ হাজার ১০৩ টাকা করে বোনাস পাওয়ার কথা।
কিন্তু গত ঈদুল ফিতরে মূল বেতন পরিশোধ করা হলেও বোনাস দেওয়া হয়নি। সে সময় অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়াকে কারণ হিসেবে দেখানো হয়। বলা হয়েছিল, ঈদুল আজহায় দুই বোনাস একসঙ্গে দেওয়া হবে। বোনাস পেতে আনসার সদস্যরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করছেন। তবে সেখানে তাঁরা বোনাস পাওয়ার নিশ্চয়তা পাননি।
ভৈরব রেলওয়ে থানায় ১৬ জন আনসার সদস্য কর্মরত। তাঁদের মধ্যে সবুজ মিয়া বলেন, ‘মাস শেষ হবার আগেই বেতন শেষ। বোনাস পেলে কোনো রকম ঈদটা পার করা যাইত। কিন্তু পাব বলে মনে হয় না।’
শওকত মিয়া বলেন, ‘দেনা করে আগের ঈদ করছি। এই ঈদে বোনাস পেলে দেনা পরিশোধ করার চিন্তা করছিলাম। এখন দেখছি, এবারও দেনা করতে হইব।’
আনসার সদস্যরা জানান, সাধারণত আনসার পরিবারে আর্থিক দৈন্যদশা লেগেই থাকে। বোনাস না পেলে পরিবারের সদস্যদের ঈদে আনন্দ করার সামান্যতম সুযোগটিও আর থাকবে না।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘বোনাস পরিশোধের বিষয়ে আমাদের উর্ধ্বতনরা চেষ্টা করে যাচ্ছেন।’ চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়ায় বোনাস আটকে গেছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।