১৫০ কোটি টাকা খরচ করে পুনঃসংস্কার (ওভারহোলিং) করেও চালু করা যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। টানা প্রায় তিন মাস পুনঃসংস্কারকাজ শেষেও বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটি। সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কারখানাটির উৎপাদন ফের বন্ধ হয়ে যায়। কারখানার কারিগরি বিভাগ জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কখন থেকে আবার উৎপাদন শুরু করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ অবস্থায় ১৫০ কোটি টাকার পুনঃসংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কারখানাটি এ বছর তার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।আশুগঞ্জ সার কারখানার কারিগরি বিভাগ জানায়, শুরুতে কারখানায় প্রতিদিন এক হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো। যান্ত্রিক দুর্বলতার কারণে তা কমে এক হাজার ৪০০ মেট্রিক টনে দাঁড়ায়। সম্প্রতি ২০০ টন কমে এক হাজার ২০০ মেট্রিক টনের বেশি উৎপাদন হচ্ছিল না। এককথায় ৩০ বছরের ব্যবধানে কারখানার উৎপাদন ২৫ শতাংশ কমে যায়। একই সঙ্গে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে গড়ে তিন থেকে চার দিন উৎপাদন বন্ধ থাকত। এই অবস্থায় নিরবচ্ছিন্ন উৎপাদন ও উৎপাদন বাড়াতে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) কারখানাটিকে পুনঃসংস্কার বা ওভারহোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এ জন্য সময় দেওয়া হয় দেড় মাস এবং ব্যয় ধরা হয় ১৫০ কোটি টাকা। বিসিআইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ এপ্রিল কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং ওই দিন থেকেই পুনঃসংস্কারকাজ শুরু হয়। এতে শতাধিক বিদেশি বিশেষজ্ঞ, অর্ধ সহস্রাধিক দেশীয় দক্ষ ও অদক্ষ শ্রমিক অংশ নেন। নির্ধারিত সময়ের ১০ দিন পর ২৫ মে পুনঃসংস্কারকাজ শেষ হয়। ওই দিন কয়েক দফা চেষ্টা করেও উৎপাদনে যেতে ব্যর্থ হন প্রকৌশলীরা। নতুন করে ইউরিয়া ও অ্যামোনিয়া প্লান্টের কয়েকটি স্থানে ত্রুটি ধরা পড়ে। বাধ্য হয়ে বিসিআইসি ত্রুটি মেরামত করতে আবার বিদেশি প্রকৌশলীদের দায়িত্ব দেয়। চিহ্নিত ত্রুটি মেরামত করতে তাঁদের বাড়তি সময় লাগে এক মাস সাত দিন। গত ২ জুলাই বিকেল চারটার দিকে কারখানা পুরোপুরি সচলযোগ্য হয়। এর পরই কারখানা চালু করা হয় এবং ইউরিয়া উৎপাদন শুরু হয়। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি স্তরের প্রতি প্রকৌশলীদের গভীর পর্যবেক্ষণ ছিল। কিন্তু এক ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে অ্যামোনিয়া প্লান্টের কমপ্রেসারে সমস্যা দেখা দিতে শুরু করে। সমস্যা চিহ্নিত করে প্রকৌশলীদের সমাধানের আগেই স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনে বিপর্যয় ঘটে। এতে হতাশ হন প্রকৌশলীরা।চার দিন বন্ধ থাকার পর গত ৫ জুলাই কারখানাটি ফের উৎপাদনে যায়। এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে না পারায় এরই মধ্যে কারখানার প্রায় ১০০ কোটি টাকার অতিরিক্ত উৎপাদন ক্ষতি হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকার উৎপাদন ক্ষতি হবে। প্রকৌশলীদের অনেকে বলছেন, পুনঃসংস্কার করার পর ঘন ঘন উৎপাদন বিপর্যয় হওয়ার কথা নয়। যা হচ্ছে তা নজিরবিহীন ঘটনা। এটি পুনঃসংস্কারকাজের অস্বচ্ছতার ইঙ্গিত দেয়।কারখানার প্রকৌশলী থেকে শুরু করে সাধারণ কর্মচারীরা বলছেন, তাঁদের ধারণা, কাগজে-কলমে পুনঃসংস্কারকাজের ব্যয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা হতে পারে। বাস্তবতা ভিন্ন। সংযোজন করা যন্ত্রাংশের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। গত রোববার সকালে কারখানায় গিয়ে দেখা যায়, বারবার কেন উৎপাদন বিপর্যয় ঘটছে, তা নিয়ে শ্রমিক-কর্মচারীরা আলোচনা করছেন। নানা বিষয়ে দ্বিমত থাকলেও কাজের মান ভালো হয়নি, এই বিষয়ে সবাই একমত। আতাউর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘লম্বা সময় কর্মহীন ছিলাম। শনিবার থেকে কাজে ফিরতে পেরে খুশি লাগছিল। কিন্তু এই খুশি এক ঘণ্টাও টেকেনি।’ কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. জিন্নাত আলী সাংবাদিকদের বলেন, যেসব যন্ত্রাংশ পরিবর্তন করা হয়নি, সেসব যন্ত্রাংশে ত্রুটি দেখা দিচ্ছিল। এই কারণে উৎপাদনে যেতে বিলম্ব হচ্ছে।এদিকে কারখানার বিক্রয় বিভাগ জানায়, ২০১০-১১ অর্থবছরে বিসিআইসি কারখানাটির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছিল তিন লাখ ৪০ হাজার টন। টানা কয়েক বছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেও পুনঃসংস্কারকাজে বাড়তি সময় লাগায় এই অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, প্রায় ৭০ হাজার মেট্রিক টন পিছিয়ে থাকে। বর্তমানে আমদানি করা সারসহ ২০ হাজার টন (ব্যাগ) ও ২৫ হাজার টন (খোলা) সার মজুদ রয়েছে। ধীরে ধীরে মজুদের পরিমাণ কমে এসেছে। দ্রুত উৎপাদন শুরু করা না গেলে কম সময়ের মধ্যে মজুদ শূন্যের কোঠায় চলে আসবে। তখন সময়মতো কারখানার ডিলারদের সার দেওয়া যাবে না। এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি খাতে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন শুরু করেও সচল রাখা যায়নি। সমস্যা সমাধানের কাজ চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আবার উৎপাদনে যাওয়া যাবে।’