১৫০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন বিটের ১৫০টি গাছ গত তিন দিনে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে বন বিভাগের (বন্য প্রাণী) লোকজন অভিযান চালিয়ে কিছু গাছ উদ্ধার করেন। বন বিভাগ সূত্র জানায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক হাজার ২৫০ হেক্টরের বাইরের বাফার জোনের (উন্মুক্ত স্থান) সামাজিক বনায়ন প্রকল্পের ভেড়াছড়া ও বাঘাছড়া থেকে গত শনি থেকে সোমবার পর্যন্ত ১৫০টি অ্যাকাশিয়া ও মেনজিয়াম গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। এসব গাছ দেড় ফুট থেকে আড়াই ফুট বেড়ের। কালাছড়া বন বিট কর্মকর্তা (বন্য প্রাণী) লুৎফুর রহমানের নেতৃত্বে গত সোমবার অভিযান চালিয়ে ভেড়াছড়া ও বাঘাছড়ার কয়েকটি স্থান থেকে কিছু গাছ উদ্ধার করা হয়। মঙ্গলবার সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মতিনের আত্মীয়স্বজন ও তাঁর লোকজন এসব গাছ কেটে নিয়ে গেছেন। ভয়ে কেউ প্রতিবাদ করেনি। জানতে চাইলে ইউপি সদস্য আবদুল মতিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কে বা কারা গাছ কেটে নিচ্ছেন, তা তিনি জানেন না। তাঁর আত্মীয়স্বজন গাছ কাটায় জড়িত নন। লুৎফুর রহমান বলেন, কিছু গাছ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।