১৫০ গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় নাভানা অ্যাসোসিয়েশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম সুদে ঋণ দেওয়ার নামে ১৫০জন গ্রাহকের ৫ লাখ টাকারও বেশি সঞ্চয় তুলে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী গ্রাহকেরা বলেন, চলতি বছরের মে মাসে আমতলীতে কার্যক্রম শুরু করে নাভানা অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির কর্মকর্তারা ওই সময় আমতলীতে এসে ঘুরে ঘুরে কম সুদে ঋণ দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকায় গ্রাহক তৈরি করেন। এরপর তাঁরা গ্রাহকদের ঋণের অনুকূলে ১০ ভাগ টাকা সঞ্চয় তোলেন। ওই সময় কর্মকর্তারা গ্রাহকদের বলেন, ঢাকার উত্তরা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়।

ভুক্তভোগীরা আরও বলেন, তাঁরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে ৫ দশমিক ৫ ভাগ সুদে ঋণের বিপরীতে শতকরা ১০ ভাগ সঞ্চয় বাবদ নগদ টাকা ও পে-অর্ডার আকারে সংগ্রহ করে ঋণের টাকার বিপরীতে ঢাকার কমার্শিয়াল ব্যাংকের চেক দেন। পরে গ্রাহকেরা ওই চেক নিয়ে জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে ঢাকার উত্তরা এলাকার কমার্শিয়াল ব্যাংকের শাখায় ঋণের টাকা আনতে গেলে ব্যাংকটির কর্মকর্তারা ওই হিসাবে কোনো টাকা নেই বলে জানিয়ে দেন।

সংস্থাটির এমন প্রতারণার খবর গ্রাহকদের মাঝে ছড়িয়ে পড়লে তাঁরা ঢাকার উত্তরা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে গিয়ে সেটি তালাবন্ধ দেখতে পান।

প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ করে বলেন, এর মধ্যে সংস্থাটি ওষুধ ব্যবসায়ী আজম মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা, শফিকুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার, হারুন মোল্লার কাছ থেকে ৬০ হাজার, জিয়াউদ্দিনের কাছ থেকে ৩০ হাজার, নির্মল চন্দ্রের কাছ থেকে ১০ হাজার, সামসুল হকের কাছ থেকে ২০ হাজার ও নূরুল ইসলাম মোল্লার কাছ থেকে ১০ হাজার টাকা নগদ এবং মাসুদ মিয়ার কাছ থেকে ৮০ হাজার, ইলিয়াস মিয়ার কাছ থেকে ৩০ হাজার, রফিকুল ইসলামের কাছ থেকে ২০ হাজার ও মেসবাহ উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকার পে-অর্ডার নিয়েছে। এ ঘটনায় ঢাকার উত্তরা থানায় (পশ্চিম) ওই প্রতারকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কয়েকজন গ্রাহক।

পল্লিচিকিৎসক মাসুদ মিয়া বলেন, ‘৮ লাখ টাকা ঋণের আশায় ৮০ হাজার টাকার পে-অর্ডার জমা দিয়েছিলাম। প্রতারক চক্র ওই টাকার বিপরীতে কমার্শিয়াল ব্যাংকের ৮ লাখ টাকার একটি চেক দেয় আমাকে। কিন্তু ব্যাংকে গিয়ে চেক জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাবে কোনো টাকা নেই বলে জানিয়ে দেয়।’

ব্যবসায়ী আজম মিয়া বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ সঞ্চয় নিয়ে পালিয়ে গেছে।’

সংস্থাটির আমতলী উপজেলার শাখা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান মোল্লা বলেন, ‘নাভানা অ্যাসোসিয়েশন লিমিটেড নামে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম খান, মহাব্যবস্থাপক (জিএম) মাজেদুল ইসলাম, পরিচালক আজিজুল হক ও জ্যেষ্ঠ কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ গত মে মাসে আমতলীতে এসে আমাকে শাখা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ করেন। তবে এখানে কোনো কার্যালয় খোলেননি। তাঁরা আমতলীতে এসে আমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহক তৈরি করেন। ১০ বছর মেয়াদি ৫ দশমিক ৫ ভাগ সুদে গ্রাহকদের কাছ থেকে ঋণের বিপরীতে ১০ ভাগ অর্থ সঞ্চয় জমা নিয়ে ঋণের বিপরীতে কমার্শিয়াল ব্যাংকের ঢাকার উত্তরা শাখার চেক দেন। কিন্তু কমার্শিয়াল ব্যাংকে চেক জমা দিলে ওই হিসাবে কোনো টাকা নেই বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এরপর আমিও তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু পাচ্ছি না। উত্তরায় গ্রাহকদের নিয়ে সংস্থাটির কার্যালয়ে গিয়েও সেটি তালাবন্ধ দেখতে পাই। পরে আমিও গ্রাহকদের সঙ্গে গিয়ে উত্তরা থানায় ওই চার ব্যক্তির বিরুদ্ধে একটি জিডি করেছি।’

এ বিষয়ে জানতে নাভানা অ্যাসোসিয়েশন লিমিটেডের কথিত মহাব্যবস্থাপক মাজেদুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।