১৫০ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে মিয়ানমার
মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫০ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। কাল সোমবার কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্তে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত ২১ মে মিয়ানমারের উপকূল থেকে ২৮৪ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী।
তাঁদের মধ্য থেকে ১৫০ জনকে আগামীকাল বাংলাদেশে ফেরত আনা হবে।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। আগামীকাল সকালে ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করবে বিজিপি। তারপর পুলিশ তাঁদের পরিচয় আবারও যাচাই-বাছাই করে অভিভাবকদের কাছে হস্তান্তর করবে।
পুলিশ সূত্র জানায়, ১৫০ বাংলাদেশির মধ্যে কক্সবাজারের ৩৪ জন, নরসিংদীর ৫৫, চট্টগ্রামের ৮, বান্দরবানের ১০, ঝিনাইদহের ১২, পাবনার ৫, চুয়াডাঙ্গার ৪, বাগেরহাটের ৪, ব্রাহ্মণবাড়িয়ার ৬, সুনামগঞ্জের ৪, নারায়ণগঞ্জের ২, টাঙ্গাইলের ৩, যশোরের ২ ও কুমিল্লার ১ জন।