১৫০ জনের ছাত্রীনিবাস ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রীকে গত শুক্রবার তিন বখাটে উত্ত্যক্ত করে৷ নিরাপত্তার অভাবে ওই দিন সন্ধ্যায় ছাত্রীনিবাস ছেড়েছে ১৩০-১৫০ ছাত্রী৷
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় বখাটে মৃদুল, শামীম ও আকাশ দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে৷ পরে তারা কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে। ছাত্রীরা ঘটনাটি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়৷ সন্ধ্যায় শিক্ষার্থীরা ছাত্রীনিবাস ছেড়ে যায়৷ ছাত্রীরা আশপাশের আত্মীয়স্বজন ও শিক্ষকের বাড়িতে আশ্রয় নেয়।
স্থানীয় বাসিন্দা তারাপদ সাহা, ছাত্রীনিবাসের নৈশপ্রহরী জালাল উদ্দিন শেখ ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ছাত্রীনিবাসের পেছনের শৌচাগারের ট্যাংকির ওপর বসে কতিপয় বখাটে প্রতিনিয়ত গাঁজা সেবন করে৷ এ ছাড়া বখাটেরা প্রায়ই ছাত্রী নিবাসের ছাত্রীদের উত্ত্যক্ত করে৷ কিন্তু কর্তৃপক্ষ বখাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ছাত্রী বলে, ‘এলাকার বখাটেদের উৎপাতে আমরা হোস্টেল ছেড়ে এসেছি। অবিলম্বে উত্ত্যক্তকারীদের শাস্তি দাবি করছি।’ দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।’