রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে (আরএনবি) ১৫০ জন প্রহরীর নিয়োগ তিন বছর ধরে ঝুলে থাকলেও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কারণে এ পদের চাকরিপ্রত্যাশীরা হতাশায় পড়েছেন। তাঁদের দাবি, আগের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখা হোক।রেলওয়ের পশ্চিমাঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, আরএনবি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাসহ (কেলোকা) গুরুত্বপূর্ণ রেলওয়ে স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বর্তমানে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোনে এ বাহিনীর ৬০০ পদ শূন্য রয়েছে। আরএনবির মোট শূন্য পদের শতকরা ১০ ভাগ হাতে রেখে কর্তৃপক্ষ আবারও নতুন করে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। ২০ জুন কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রহরীর ৩৮১টি পদে দরখাস্ত আহ্বান করা হয়েছে।এর আগে ২০০৯ সালে পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবিতে ১৫০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। পাঁচ সদস্যের নিয়োগ কমিটি কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ১৫০ জনের নিয়োগের তালিকা চূড়ান্ত করে। এখন পর্যন্ত চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ ও তাঁদের নিয়োগ সম্পন্ন করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে চাকরিপ্রত্যাশী কয়েকজন অভিযোগ করেন, মোটা অঙ্কের ঘুষ নিয়েই ১৫০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। একজন চাকরিপ্রত্যাশী জানান, বাড়ির ভিটেমাটি বিক্রি করে তাঁর বাবা দালালদের হাতে তিন লাখ টাকা তুলে দেন। কথা দেওয়া হয়েছিল, প্রহরী পদে চাকরিটা হবেই। একই অভিযোগ সৈয়দপুর রেলওয়ে অঙ্গনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েকজন চাকরিপ্রত্যাশীর। পশ্চিমাঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ড্যান্ট ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগের নির্বাচিত ১৫০ জনের চাকরি পাওয়া অনিশ্চিত হবে, এটা সঠিক নয়। তাঁদের নিয়োগ-কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিগগিরই প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে। তবে নিয়োগ চূড়ান্ত করার কাজটি আমার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। কারও কাছ থেকে ঘুষ নেওয়ার কোনো সুযোগ নেই।’