১৫০ ঝুঁকিপূর্ণ ঘরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নগরের লালখান বাজার মতিঝরনা এবং বাটালি পাহাড় এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে বিদ্যুৎ, গ্যাস এবং ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার এসব এলাকায় প্রায় ১৫০ ঝুঁকিপূর্ণ ঘর থেকে পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের ভূমি দপ্তরের সহকারী কমিশনার আছিয়া খাতুন ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার নোমান হোসেন। এ সময় ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ও বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রতিনিধি এবং পুলিশ উপস্থিত ছিলেন। ২০ জুন অনুষ্ঠিত শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৫ তম সভায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে এসব পরিষেবা উচ্ছেদের সিদ্ধান্ত হয়।
বেলা ১১টা থেকে অভিযান শুরু করা হয়। এ সময় বাড়িওয়ালা এবং ভাড়াটেরা ভ্রাম্যমাণ আদালতকে বিভিন্ন কাগজপত্র দিয়ে এসব তাঁদের বৈধ সংযোগ বলে বোঝানোর চেষ্টা করেন। কাগজপত্র যাচাই বাছাই করে এবং ঘরের ঝুঁকিপূর্ণ অবস্থান দেখে অন্তত ১৫০ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানতে চাইলে সহকারী কমিশনার আছিয়া খাতুন বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে যারা অত্যধিক ঝুঁকিতে রয়েছে সেসব ঘরের সংযোগ বিচ্ছিন্ন করছি। সোমবার দিনভর প্রায় ১৫০ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এক প্রশ্নের জবাবে আছিয়া খাতুন বলেন, অনেকে একটি বৈধ সংযোগের বিপরীতে একাধিক অবৈধ সংযোগ নিয়েছে। এগুলো অবৈধ। এ ছাড়া পাহাড় কেটে কেটে ঘরের সংখ্যা বাড়ানোর ঘটনাও দেখা গেছে।
এক প্রশ্নের জবাবে অপর সহকারী কমিশনার নোমান হোসেন বলেন, আমরা তাঁদের এখানে বসবাসে নিরুৎসাহিত করতে সংযোগ বিচ্ছিন্ন করছি। এরপর অগ্রাধিকার ভিত্তিতে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।