১৫০ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার রাম প্রসাদেরচর ও চালিভাঙা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর অবৈধ বালু উত্তোলনকারীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত রোববার দিবাগত রাতে মেঘনা থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মনির হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এর আগে রোববার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলায় মেঘনার ইউএনও মো. সামসুল হক ও পুলিশের এএসআই মনির হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন। জানা যায়, রোববার বিকেলে মেঘনার ইউএনও মো. সামসুল হক পুলিশকে নিয়ে রাম প্রসাদেরচর ও চালিভাঙা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধরতে যান। ওই সময় বালু উত্তোলনকারীরা স্থানীয় কিছু বালুদস্যুদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইউএনও ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিব উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা চালানোর ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। ইউএনও মো. সামসুল হক বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আগে রাতের বেলায় বালু তুলত। এখন দিনের বেলায় বালু তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা আমাদের ওপর হামলা চালায়।’